মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হতে হবে শীর্ষ অগ্রাধিকার: এমসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সাধারণ মূল্যস্তর অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে। যেসব কারণেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হোক না কেন, এটা গরিব মানুষের তো বটেই, এমনকি মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় অনেক বাড়িয়ে দিচ্ছে।ফলে এই উচ্চ মূল্যস্ফীতি বড় ধরনের সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।এই অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হতে হবে বলে অভিমত প্রকাশ করেছে এমসিসিআই। আর মূল্যস্ফীতি যদি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, তাহলে দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।দেশের ব্যবসায়ীদের এই গুরুত্বপূর্ণ সংগঠনটি একই সঙ্গে জ্বালানি ও ভৌত অবকাঠামো খাতের সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতির অর্থবহ বাস্তবায়ন চেয়েছে। এমসিসিআই বলছে, এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। তবে এই প্রতিশ্রুতি একই রকম দৃঢ়ভাবে বাস্তবায়নের প্রয়াসও দরকার।২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে এমসিসিআই যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। এটি গতকাল বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়েছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি যৌক্তিকভাবে ভালো করলেও কিছু সমস্যা রয়ে গেছে। এসবের মধ্যে অন্যতম হলো: লেনদেনের ভারসাম্যের ওপর চাপ, দৈনন্দিন ব্যয় নির্বাহে সরকারের ব্যাংক থেকে ঋণ গ্রহণ, বিনিয়োগে স্থবিরতা, শেয়ারবাজার ঘিরে অস্থিরতা এবং দুই অঙ্কের মূল্যস্ফীতি।অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এসে মূল্যস্ফীতির হার ১২ শতাংশে উন্নীত হয়েছে। এই তথ্য উল্লেখ করে এমসিসিআই আরও বলেছে, প্রধানত খাদ্যের উচ্চমূল্যই এর কারণ। এর পাশাপাশি খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও বাড়ছে, যা উদ্বেগজনক।এমসিসিআইয়ের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার দরপতন এবং দফায় দফায় দেশের ভেতর তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে।তবে যেসব কারণেই হোক না কেন, মূল্যস্ফীতি এখন অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে এমসিসিআই।অর্থনীতির প্রকৃত খাতের ওপর আলোকপাত করতে গিয়ে সংগঠনটি বলেছে, কৃষি খাতের প্রবৃদ্ধি ভালো রয়েছে। তবে চলতি অর্থবছর এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে সরকারকে কৃষি খাতের প্রয়োজনীয় উপকরণ ও অর্থায়ন অব্যাহত রাখতে হবে।এমসিসিআইয়ের মতে, শিল্প খাতের হালনাগাদ কোনো উপাত্ত পাওয়া না গেলেও বিভিন্ন পরোক্ষ সূচক থেকে এর অগ্রগতির বিষয়টি প্রতীয়মান হয়। তবে এটি এর প্রকৃত সক্ষমতার চেয়ে অনেক নিচে রয়েছে। কারণ হিসেবে সংগঠনটি বলছে, ভৌত অবকাঠামোর অপ্রতুলতা ও জ্বালানি-বিদ্যুতের অব্যাহত ঘাটতি, যা কি না অনেক শিল্প-কারখানার উৎপাদন কমিয়ে আনতে এমনকি বন্ধ করে দিতে বাধ্য করেছে।এমসিসিআই আরও মনে করে, উল্লেখযোগ্য পরিমাণে বাড়তি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপন করা ও বিদ্যুৎ উৎপাদন বেশ খানিকটা বাড়ার পরও অর্থবছরের প্রথম প্রান্তিকে বিদ্যুৎ পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি।বিদ্যুতের ঘাটতি বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে মেট্রো চেম্বার। বর্তমানে সাড়ে ছয় হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ পাঁচ হাজার মেগাওয়াট উৎপাদনের ফলে ঘাটতি অন্তত দেড় হাজার মেগাওয়াট। একইভাবে গ্যাসের জোগানও চাহিদার অর্ধেক।এমসিসিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের জন্য সরকার বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন নীতি গ্রহণ করেছে। এতে বিভিন্ন উৎপাদনকেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের পর সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করবে। অথচ এসব কেন্দ্রে ডিজেল ও ফার্নেস অয়েল ব্যবহার করতে হয়। আর তাই বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে গিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস করেছে। এমসিসিআই মনে করে, বিদ্যুৎ সংকট নিরসনের চূড়ান্ত সমাধান নির্ভর করছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর। তাই দ্রততর সময়ে কয়লা নীতি চূড়ান্তকরণের সুপারিশ করেছে এমসিসিআই।