মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে, লেনদেনের ভারসাম্যও (বিওপি) স্বস্তিদায়ক হবে। কারণ, ধান উৎপাদন ভালো হওয়ায় ভবিষ্যতে চাল আমদানি করতে হবে না। অন্যদিকে লিবিয়ার সংকট কেটে যাওয়ায় কমে আসবে জ্বালানি তেলের দাম। সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত রাজস্ব সমন্বয় কাউন্সিল এবং বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির পৃথক বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উভয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বৈঠক শেষে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায় প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, ২০১২-১৩ অর্থবছরের বাজেটের জন্য সরকার এবার আগেভাগেই প্রস্তুতি নেবে। তারই অংশ হিসেবে গতকাল প্রথমবারের মতো বসা হয়েছে। বাজেটের সার্বিক বিষয় নিয়ে নভেম্বরে অনুষ্ঠেয় আরেকটি বৈঠকে মোট বাজেট, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অর্থবছরের ৭ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা থেকে কতটুকু অর্জন করা যায়, তার ওপর নির্ভর করে আগামীবারের জিডিপির হারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে মুদ্রা সরবরাহ ১৮ শতাংশের বেশি বাড়তে না দেওয়া এবং বাজেট ঘাটতি বরাবরের মতোই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশের মধ্যে রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য গত জুলাইয়ে ঘোষিত মুদ্রানীতি অনুযায়ী, মুদ্রা সরবরাহ বৃদ্ধির হার ১৮ দশমিক ৫ শতাংশ।মূল্যস্ফীতি গত সেপ্টেম্বরে এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ ১১ দশমিক ৯৭ শতাংশে পৌঁছানোর বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। অর্থমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে খাদ্য আমদানি কমবে। অর্থমন্ত্রীসহ আরও কয়েকজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসার ব্যাপারে আশাবাদী আলোচনা করেছেন বলে জানা গেছে। সূত্র জানায়, অর্থমন্ত্রী বৈঠকে বলেছেন যে গত সেপ্টেম্বরে রপ্তানি প্রত্যাশা অনুযায়ী হয়নি বটে, তবে প্রতিবছরের সেপ্টেম্বরেই এমন হয়। আর অক্টোবর গেলেই বোঝা যাবে, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। কোনো প্রকল্পে দেশীয় অর্থায়ন ও বিদেশি অর্থায়ন—উভয়টিই থাকলে আগে বিদেশি অর্থায়নের সদ্ব্যবহার করার তাগিদ দেন অর্থমন্ত্রী। এ ব্যাপারে ইআরডি সচিব বৈঠকে বলেন, অর্থ এনে দিলেও দক্ষতার অভাবে মন্ত্রণালয়গুলো তা ব্যবহার করতে পারে না। বৈঠকে অর্থমন্ত্রী ব্যয় কমানো ও আয় বাড়ানোর উপায় বের করার নির্দেশ দেন। এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সরকারের আয় বাড়াতে করের আওতা বাড়ানোর ওপর জোর দেন।