অভিমত: নতুন বছরের প্রত্যাশা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ
উৎপাদন ব্যবস্থার যান্ত্রিকীকরণ, স্পর্শবিহীন কাজের প্রসার ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি ও ডিজিটাল মার্কেটিংয়ের বিস্তারের পাশাপাশি আধুনিক কাজের ক্ষেত্র তৈরিতে দীর্ঘমেয়াদি কর্মসূচি প্রয়োজন। তবে তুলনামূলকভাবে স্বল্প সময়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ক্ষুদ্র ও কুটিরশিল্পে স্বল্প সুদ ও শিথিল শর্তে বিনিয়োগ দরকার।
২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। সার্বিক অবস্থা বিবেচনায় অর্থনৈতিক পুনরুদ্ধারের চিত্রটা সবার জন্য এক নয়। সামষ্টিক অর্থনীতির সাপেক্ষে বলা যায়, বিশ্বের অনেক দেশের সঙ্গে তুলনায় বাংলাদেশ করোনা মহামারির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় ভালো করলেও এর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন বছরে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ।
প্রথমত, দারিদ্র্য বিমোচনের যে অগ্রগতি মহামারির আগে আমরা দেখেছি, তা মহামারির কারণে বাধাগ্রস্ত হয়েছে। তাই হালনাগাদ তথ্য-উপাত্তের মাধ্যমে দরিদ্র ও অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সঠিকভাবে চিহ্নিত করা এবং তাদের সরকারের সহায়তার আওতায় আনা জরুরি। সে জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজানো প্রয়োজন, যাতে শহরের দরিদ্রদের নিরাপত্তাবলয়ের আওতায় নিয়ে আসা যায়। এ ছাড়া মাথাপিছু বরাদ্দের ক্ষেত্রে প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
দারিদ্র্যের পাশাপাশি আয়বৈষম্য কমিয়ে আনতে করকাঠামোতে, বিশেষ করে প্রত্যক্ষ করের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন। আগামী অর্থবছরের বাজেটে সেই আঙ্গিকে পরিবর্তন আনা জরুরি। করোনা মহামারির কারণে সার্বিকভাবে মানুষের আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা নতুন বছরের জন্য বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বাজার মনিটরিংয়ের পাশাপাশি রেশন ব্যবস্থার আওতা বাড়ানো প্রয়োজন। তবে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে নতুন বছরে শ্রমঘন শিল্পে ব্যক্তি বিনিয়োগ উৎসাহিত করার মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির বিকল্প নেই।
নতুন আরেকটি বছর শুরু। নতুন বছর মানেই নতুন আশা। ফেলে আসা বছরের অভিজ্ঞতা থেকে নতুন বছরে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন আশা। অর্থনীতিবিদ সায়েমা হক বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ ধারায় নতুন বছরে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা।
সায়েমা হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়