মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিবিদেরা মূল্যস্ফীতির চাপ সংযত করে নিয়ন্ত্রণে রাখার জন্য সক্রিয় হতে নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন।অর্থনীতিবিদেরা বলেন, একদিকে বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি, অন্যদিকে প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহে দেশে চাহিদা বৃদ্ধি—এই দুয়ের সম্মিলনে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হচ্ছে।অর্থনীতিবিদেরা এও মনে করছেন, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতির গড় হার ৭ শতাংশে উন্নীত হতে পারে, যেখানে সরকার মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাড়ে ৬ শতাংশ।গতকাল বৃহস্পতিবার ঢাকায় এলজিইডির মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়। বিশ্ব মন্দা ও বাংলাদেশে এর প্রভাব বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, যখন জ্বালানি-সংকট চলছে এবং গ্যাস রেশনিং করা হচ্ছে, তখন নতুন বিনিয়োগ আকর্ষণ করা খুব কঠিন।খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি বাড়ছে এবং সামনে আরও বাড়তে পারে বলে সতর্ক করে দেন মির্জ্জা আজিজুল ইসলাম। তাঁর মতে, বাংলাদেশের মতো ছোট অথচ উন্মুক্ত অর্থনীতিতে অভ্যন্তরীণ অর্থনীতির চেয়ে বৈশ্বিক অর্থনীতিই মূল্যস্ফীতিকে পরিচালিত করে থাকে।বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ মনে করেন, মূল্যস্ফীতির হার অর্থবছর শেষে ৭ শতাংশ অতিক্রম করে যেতে পারে।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বলেন, শুধু খাদ্য-মূল্যস্ফীতি নয়, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও বাড়তে শুরু করেছে, যেদিকে নজর দিতে হবে।সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে রাখা খুব কঠিন কাজ হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহাবুবউল্লাহ বলেন, প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহের কারণে বৈদেশিক মুদ্রার বড় রিজার্ভ নিয়ে উচ্ছ্বসিত হলেও এই প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহই চাহিদা বাড়িয়ে মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে।