মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির নীতিনির্ধারণের মূল চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সমুন্নত রাখার পাশাপাশি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ এ অভিমত ব্যক্ত করেছে। সংস্থাটি আরও বলেছে, যদিও বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারা অপেক্ষাকৃত স্থিতিশীল, কিন্তু অসহনীয় পর্যায়ে পৌঁছানো মূল্যস্ফীতির হারকে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির সম্মুখীন হতে পারে।দেশের অর্থনীতির ওপর মাসওয়ারি পর্যালোচনা প্রতিবেদনে উন্নয়ন অন্বেষণ এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। এতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে একযোগে রাজস্বনীতি ও মুদ্রানীতির মধ্যে সামঞ্জস্য বিধান করার পরামর্শ দেওয়া হয়েছে।সংস্থাটি বলছে, ২০০২-০৩ অর্থবছরের পর থেকে উচ্চমূল্যস্ফীতির কারণে প্রকৃত দেশজ উৎপাদন ও বর্তমান মূল্যের দেশজ উৎপাদন প্রবৃদ্ধির মধ্যে ব্যবধান বাড়ছে। বর্তমান সময় উচ্চ আমদানি-ব্যয় মেটানোর লক্ষ্যে সরকারি ঋণ বৃদ্ধি পাচ্ছে, যা আবার মূল্যস্ফীতি বাড়াচ্ছে। যদিও আন্তর্জাতিক ঋণ ও বোরোধানের উচ্চফলনের কারণে বিগত মাসগুলোতে মূল্যস্ফীতি ছিল কম। ২০০৭-০৮ অর্থবছরের মতো আবারও বিশ্বজুড়ে ২০১২-১৩ অর্থবছরে প্রবল খাদ্যসংকট দেখা দিতে পারে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার মতে বিরূপ আবহাওয়ার কারণে বিশ্বের খাদ্য উৎপাদন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও হুমকির সম্মুখীন। এটি খাদ্যের জোগানকে বাধাগ্রস্ত করতে পারে এবং খাদ্যমূল্যকে অস্বাভাবিক হারে বাড়াতে পারে। উন্নয়ন অন্বেষণ বলছে, যেহেতু বাংলাদেশ অন্যতম খাদ্য আমদানিকারক দেশ, তাই বাংলাদেশ চরম খাদ্যসংকটের সম্মুখীন হতে পারে। অন্যদিকে অপর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য আমন ধানের ফলনও বাধাগ্রস্ত হতে পারে।তবে দেশজ উৎপাদন প্রবৃদ্ধিকে বিবেচনায় না এনে শুধু মূল্যস্ফীতি কমানোর জন্য গৃহীত সংকোচনমূলক মুদ্রানীতি সামনের বছরগুলোতে মূল্যস্ফীতির হারকে আরও বাড়াতে পারে বলেও উল্লেখ করেছে উন্নয়ন অন্বেষণ।সংস্থাটি আরও বলছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। বিগত দুই দশকের তথ্য-উপাত্তের ওপর ইকোনোম্যাট্রিক্সের সূত্র প্রয়োগের মাধ্যমে গবেষণা করে উন্নয়ন অন্বেষণ এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, যখন মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির গতিধারার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে, তখন গড়ে প্রতি এক শতাংশ দেশজ উৎপাদন প্রবৃদ্ধির জন্য মূল্যস্ফীতি একটি হারে কমে। তবে যখন তাদের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান থাকে, তখন মূল্যস্ফীতি আগের হারের চেয়ে বেশি বাড়ে। এতে আরও বলা হয়েছে, বিগত ২১ বছরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ১০ বছর তাদের মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান ছিল এবং বাকি ১১ বছর ছিল নেতিবাচক। ইতিবাচক সম্পর্ক বিবেচনায় প্রতি একক মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির জন্য মূল্যস্ফীতি বেড়েছে গড়ে ৩.৮৬ শতাংশ। অন্যদিকে নেতিবাচক সম্পর্ক বিবেচনায় প্রতি একক মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির জন্য মূল্যস্ফীতি কমেছে মাত্র ১.২৫ শতাংশ।