মূল্যস্ফীতি নিয়ে উল্টো পথে বিবিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির চিত্র। ১৯২২-২৩ সময়ে মূল্যস্ফীতি এতটাই বেড়েছিল যে বাচ্চারা এভাবেই মার্ক নিয়ে খেলত। সাম্প্রতিক সময়ের অতি মূল্যস্ফীতির উদাহরণ জিম্বাবুয়ে, ৩২২ শতাংশ। সেখানে আক্ষরিক অর্থেই রুটি কিনতে ব্যাগভর্তি অর্থ নিয়ে বাজারে যেতে হতো l ছবি: সংগৃহীত
প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির চিত্র। ১৯২২-২৩ সময়ে মূল্যস্ফীতি এতটাই বেড়েছিল যে বাচ্চারা এভাবেই মার্ক নিয়ে খেলত। সাম্প্রতিক সময়ের অতি মূল্যস্ফীতির উদাহরণ জিম্বাবুয়ে, ৩২২ শতাংশ। সেখানে আক্ষরিক অর্থেই রুটি কিনতে ব্যাগভর্তি অর্থ নিয়ে বাজারে যেতে হতো l ছবি: সংগৃহীত

বনফুলের ছোটগল্পের সঙ্গে পরিচয় নেই এমন মানুষ সম্ভবত কমই আছেন। বনফুল ১৯৭৭ রোজনামচায় লিখেছিলেন, ‘শাসকেরা পাকে-প্রকারে বলেছেন—বারো টাকা কেজির তেল দিয়ে ভাল করে ভাজ/ চোদ্দ টাকা কেজির মাছ/ তারপর আমাদের জয়ধ্বনি দিয়ে দু’হাত তুলে নাচ।’বাজার থেকে ফিরেই সম্ভবত বনফুল এমনটি লিখেছিলেন।

বাজার নিয়ে আরেকটা পুরোনো গল্প আছে। যেমন একটা সময় ছিল যখন মানুষ পকেটভর্তি টাকা নিয়ে বাজারে যেত আর ব্যাগভর্তি বাজার নিয়ে ফিরত বাসায়। আর এখন মানুষ ব্যাগভর্তি টাকা নিয়ে বাজারে যায় আর পকেটভর্তি বাজার নিয়ে বাসায় ফেরে।

একজন সাধারণ মানুষের কাছে যা বাজারের আগুন, অর্থনীতিবিদের কাছে সেটাই মূল্যস্ফীতি। এমন নয় যে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া মানেই মূল্যস্ফীতি। মূলত, একটি নির্দিষ্ট সময়ের তুলনায় আরেকটি নির্দিষ্ট সময়ে সামগ্রিক দাম স্তরের যে পরিবর্তন, সেটাই মূল্যস্ফীতি।

মূল্যস্ফীতির সঙ্গে স্বল্প আয়ের মানুষের সম্পর্ক বেশি। কারণ, তারাই এ থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। আয় না বাড়লেও আগের চেয়ে একই পণ্য কিনতে বেশি অর্থ ব্যয় হয় বলে তাকে বাধ্যতামূলক করও বলা হয়। অর্থনীতিবিদেরা বলে থাকেন, প্রতিনিধিত্ব নেই এমন কর আরোপ করা অনুচিত। অর্থনীতিবিদ মিলটন ফ্রিডম্যান বলেন, প্রতিনিধিত্ব নেই এমন করের নামই হচ্ছে মূল্যস্ফীতি।

বলে রাখা ভালো, বিংশ শতাব্দীকে বলা হতো উচ্চ মূল্যস্ফীতিরও শতক। এই শতকে মূল্যস্ফীতির চাপে মানুষের ভোগান্তি বেড়েছিল বহুগুণ। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ থেকে ১৯২৩ সালের মধ্যে জার্মানির মূল্যস্ফীতি বেড়েছিল ৩২২ শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরির মূল্যস্ফীতি বেড়েছিল ১৯০০০ শতাংশ। আর সাম্প্রতিক সময়ের অতি মূল্যস্ফীতির উদাহরণ হচ্ছে জিম্বাবুয়ে। কয়েক বছর আগেও দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৩৭০০ শতাংশ। সেখানে আক্ষরিক অর্থেই রুটি কিনতে ব্যাগভর্তি অর্থ নিয়ে বাজারে যেতে হয়েছে। একবিংশ শতাব্দী বরং এ থেকে ভালো অবস্থানে আছে।

উন্নত ব্যবস্থাপনার দেশগুলোর প্রধান লক্ষ্য মূলত দুটি। যেমন বেকারত্বের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। এসব দেশ বেকারত্বের হার রাখতে চায় ৫ শতাংশের নিচে আর মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে। বিশ্বের প্রায় প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজই হচ্ছে এই দুই লক্ষ্য থাকবে এমন মুদ্রানীতি তৈরি করা। এ জন্য দেশগুলো বেকারত্ব ও মূল্যস্ফীতির হারের সূচক নিয়মিতভাবে প্রকাশ করে থাকে। ব্যাংক অব ইংল্যান্ডের ওয়েবসাইটে এখনই ঢুকে দেখতে পারেন। সেখানে খুব স্পষ্ট করে মূল্যস্ফীতির হার ২ শতাংশের মধ্যে রাখার কথা বলা আছে। কেবল তা-ই নয়, পরের মাসের মূল্যস্ফীতির হার কবে প্রকাশ করা হবে, তা-ও বলা আছে।

বাংলাদেশে মূল্যস্ফীতির হার প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। দেশের প্রায় যাবতীয় প্রাথমিক তথ্য-উপাত্ত প্রকাশ করার একমাত্র সংস্থা। অনেক অভিযোগ থাকলেও সংস্থাটি নতুন নতুন নানা ধরনের উপাত্ত প্রকাশ করে আসছে। এমনকি বেশ কিছুদিন ধরে মূল্যস্ফীতির তথ্য মাস শেষ হতেই যতটা দ্রুত সম্ভব প্রকাশ করত। তাতে মূল্যস্ফীতির ওঠানামাটা পরিষ্কার হতো সবার কাছে।

কিন্তু হঠাৎ করেই এ বছর থেকে উল্টোপথে যাত্রা শুরু করেছে সংস্থাটি। তারা মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি প্রকাশ করা হচ্ছে। মাস ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ যখন কিছুটা বাড়তে শুরু করেছে, ঠিক তখনই বিবিএসের এই উল্টোযাত্রা।

সারা বিশ্ব যখন নিয়মিতভাবে মূল্যস্ফীতির হার প্রকাশকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থনীতির সব ধরনের সূচক আরও হালনাগাদ করে প্রচার করছে, সেখানে বাংলাদেশের উল্টোযাত্রা কেন? আমরা জানি, অর্থনীতির যে সূচকটি একটি সরকারকে সবচেয়ে অজনপ্রিয় করে, তা হচ্ছ মূল্যস্ফীতি। এ কারণে সরকারগুলোর সব সময়েই মূল্যস্ফীতি নিয়ে একটি বাড়তি সতর্কতা থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০০৫ সালে ১৯৬০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১০০টি দেশের ওপর গবেষণা করে বলেছিল, রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির গভীর সম্পর্ক রয়েছে। যেসব দেশে অর্থনৈতিক স্বাধীনতা বেশি ও গণতন্ত্র আছে, সেসব দেশে মূল্যস্ফীতির চাপ কম থাকে। রুডিগার ডর্নবুশ নামে জার্মানির একজন অর্থনীতিবিদ দেখিয়েছেন, বিশ্বব্যাপী সরকারগুলোর শাসনামলে অর্থনৈতিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাই মন্ত্রিসভার রদবদলের শিকার হন সবচেয়ে বেশি এবং তাঁদের মন্ত্রিত্বের মেয়াদকালের সঙ্গে মূল্যস্ফীতির হারের নেতিবাচক সম্পর্ক রয়েছে। এ কারণেই কি বিবিএসের বাড়তি সতর্কতা?