ধারাবাহিকতার মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ গত জুলাই মাসে গোটা অর্থবছরের (২০১৪-১৫) মুদ্রা সরবরাহের, বেসরকারি খাতের ঋণ জোগানের যে কর্মসূচি ছিল, এবারের (জানুয়ারি-জুন) ষাণ্মাসিক মুদ্রানীতিতে তা একই রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানুয়ারি-জুন সময়ের ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এবারের মুদ্রানীতিটি সংযত ও নমনীয়। মূল্যস্ফীতিকে পরিমিত রেখে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এ মুদ্রানীতি তৈরি করা হয়েছে।
ঘোষিত মুদ্রানীতিতে জানুয়ারি-জুন সময়ে দেশের বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ১৫ দশমিক ৫ শতাংশ রাখা হয়েছে। গত জুলাই-ডিসেম্বর সময়ে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১৪ শতাংশ। কিন্তু সর্বশেষ নভেম্বর পর্যন্ত হিসাবে পাঁচ মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১২ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ পাঁচ মাসের কর্মসূচি অনুসারে ঋণ প্রবাহ তৈরি করা যায়নি। এ অর্থে গতকাল ঘোষিত মুদ্রানীতিটি উচ্চাভিলাসী।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সরকার যেহেতু মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির (জিডিপি) হারে কোনো পরিবর্তন আনেনি, সেহেতু কেন্দ্রীয় ব্যাংকও তাদের ঋণ জোগান একই রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত গতকালের সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ্ মালিক কাজেমী, চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক ঘোষণার পর গভর্নরসহ অন্যরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মুদ্রানীতির ঘোষণায় গভর্নর বলেন, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার পর অনিশ্চয়তার কারণে বেশ কিছুদিন আশানুরূপ বিনিয়োগ হয়নি। তবে গত নভেম্বর ও ডিসেম্বরে অর্থনীতিতে গতি সঞ্চার শুরু হয়। বিনিয়োগ ও উৎপাদনে নতুন গতি সমগ্র অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অতিক্রমের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। তবে রাজনৈতিক অস্থিরতা প্রবৃদ্ধির সম্ভাবনায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে। এটি অব্যাহত থাকলে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়ে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন কঠিন হবে।
নতুন মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ কর্মসূচিতে সাড়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরা হলেও উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদি যে বৈদেশিক অর্থ আনছে তা উন্মুক্ত রাখা হয়েছে। আগের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে অভ্যন্তরীণ ঋণ বৃদ্ধির কর্মসূচি ছিল ১৪ শতাংশ। আর বিদেশি ঋণ ধরে ঠিক করা ছিল সাড়ে ১৬ শতাংশ।
আর সর্বশেষ হিসাব অনুযায়ী, গত নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতের অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৭ শতাংশ। বিদেশি ঋণসহ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩ শতাংশ। আগামী জুন নাগাদ সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ২৫ দশমিক ৩ শতাংশ। যদিও নভেম্বর পর্যন্ত সরকারি খাতে ঋণ বেড়েছে মাত্র ৬ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হলেও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এবার প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে। তবে মূল্যস্ফীতি সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্থাৎ ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে মনে করে বাংলাদেশ ব্যাংক। তবে দুটি ক্ষেত্রেই রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর বলেন, অর্থনীতির রক্তক্ষরণ ঠেকাতে দলমত-নির্বিশেষে সবারই ভূমিকা নিতে হবে। আর্থিক খাতের স্থিতিশীলতার পাশাপাশি পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সহায়ক ভূমিকা অব্যাহত থাকবে। পুঁজিবাজার ও বিমা খাত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষগুলোর সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে নীতি সমন্বয় সভা করা হচ্ছে।