মূল্যস্ফীতি প্রশমনে কেন্দ্রীয় ব্যাংক দুটি উপাদানের হার বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রাবাজারে তারল্য প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতিকে প্রশমিত করার চেষ্টায় রেপো ও রিভার্স রেপোর হার বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার এ দুটি উপাদানের হার বাড়ানো হয়।এর ফলে রেপোর হার সাড়ে ৪ শতাংশ থেকে বেড়ে সাড়ে ৫ শতাংশ এবং রিভার্স রেপোর হার আড়াই শতাংশ থেকে বেড়ে সাড়ে ৩ শতাংশ হলো। ১১ মাস হারে এ দুটি উপাদানের হার পরিবর্তিত হলো।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত রেপোর হার ছিল সাড়ে ৮ শতাংশ। তারপর তা ব্যাপকভাবে কমিয়ে সাড়ে ৪ শতাংশ করা হয়। একইভাবে রিভার্স রেপোর হার সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩ শতাংশ করা হয়।রেপো হলো মুদ্রাবাজারের সেই উপাদান বা হাতিয়ার, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আগে বিক্রি করা ট্রেজারি বিল বা বন্ড জমা রেখে তার বিপরীতে অর্থ জোগান দেয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিপরীতে যে হারে সুদ গুণতে হয়, তা হলো রেপো হার।রিভার্স রেপো হলো এর উল্টোটি। এ প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংক অর্থ ধার নেয় এবং এ জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে সুদ দিতে হয়, তা হলো রিভার্স রেপো হার। এই ঋণ নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক আবার তার কাছে গচ্ছিত ট্রেজারি বিল বা বন্ড ব্যাংকগুলোর কাছে গচ্ছিত রাখে।এই দুই প্রক্রিয়ার মাধ্যমেই মুদ্রাবাজারে তারল্য প্রবাহ তথা অর্থের জোগান নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আর বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ বা সীমিত করা গেলে তা মূল্যস্ফীতি প্রশমনে সহায়তা করে।রেপোর হার এক শতাংশীয় পয়েন্ট বেড়ে সাড়ে ৫ শতাংশ হওয়ার ফলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকগুলোর ঋণগ্রহণ কিছুটা ব্যয়বহুল হয়ে পড়বে। যেহেতু এই ঋণ হয়ে থাকে অত্যন্ত স্বল্পমেয়াদি, সেহেতু তা বাজারে তারল্য প্রবাহকে খানিকটা সীমিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।অন্যদিকে রিভার্স রেপোর হারও এক শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৩ শতাংশ করার ফলে কেন্দ্রীয় ব্যাংকে অত্যন্ত স্বল্প মেয়াদে অর্থ জমা রেখে আগের তুলনায় কিছুটা বাড়তি সুদ পাবে ব্যাংকগুলো। ফলে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি হারে রিভার্স রেপোতে টাকা খাটাতে গেলে তাও তারল্য প্রবাহকে কিছুটা নিয়ন্ত্রিত করবে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন, বাজারে তারল্য প্রবাহ কমাতেই মূলত এই দুটি উপাদানের হার বাড়ানো হয়েছে। তবে তা মধ্য মেয়াদে গিয়ে মূল্যস্ফীতি প্রশমনেও সহায়তা করবে।গত মাসে ঘোষিত বাংলাদেশ ব্যাংকের অর্ধবার্ষিক মুদ্রানীতিতেও এসব উপাদানের ও নীতিনির্ধারণী সুদের হার বাড়ানোর আভাস দেওয়া হয়েছিল।এর আগে গত মে মাসে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর নগদ জমা হার (এসএলআর) ও বিধিবদ্ধ তারল্য হার (সিআরআর) দুটোই শূন্য দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৫ শতাংশ নির্ধারণ করে।বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় প্রতীয়মান হয়েছে, বেসরকারি ঋণের প্রবাহ ১০ শতাংশ বাড়লে তা মূল্যস্ফীতির হারকে ২ দশমিক ৪০ শতাংশ হারে বাড়াতে ভূমিকা রাখে। তাই মুদ্রানীতিতে বেসরকারি ঋণ প্রবাহ সীমিত করার বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে।