মূল্যস্ফীতি বাড়ল ঈদ উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কারণে মূল্যস্ফীতি আরও বেড়েছে। জামাকাপড়সহ বিভিন্ন পণ্য কেনাকাটায় জনগণের বাড়তি অর্থ খরচ হওয়ায় এর প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। আগের মাস জুনে এ হার ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা দিয়েই নতুন অর্থবছর শুরু হলো।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ মাসওয়ারি হিসাবে মূল্যস্ফীতির এ চিত্র পাওয়া গেছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের মূল্যস্ফীতি পরিস্থিতি অবহিত করেন।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, আলোচ্য জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যে বেশ বেড়েছে। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। জুন মাসে এ হার ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক শূন্য ৭ শতাংশে নেমেছে, যা জুন মাসে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।
সার্বিক মূল্যস্ফীতি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, ঈদের সময় মানুষ কেনাকাটা বেশি করেছে। তাই খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেশি হয়েছে।
বিবিএসের হিসাব অনুযায়ী ডাল, মাছ, মাংস, শাকসবজি, মসলা, দুধ ও দুধজাতীয় পণ্য এবং তামাকের দাম গত জুন মাসের তুলনায় জুলাই মাসে ১ দশমিক ৯৫ শতাংশ কমেছে। অন্যদিকে পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা-উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ।
তবে জুলাইয়ে যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি তথা আয় বেড়েছে। মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরির হার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৬৯-৭০ সালকে ভিত্তি বছর ধরে গত জুলাই মাসে জাতীয় মজুরির হার সূচক ছিল ৯ হাজার ৩৮১। এটি ২০১৪ সালের একই মাসের তুলনায় ৯ দশমিক ৫৫ শতাংশ বেশি।
এ ছাড়া ২০১০-১১ সালকে ভিত্তি বছর ধরে জাতীয় মজুরি সূচকের আরেকটি হিসাব দিয়েছে বিবিএস। সেখানে বলা হয়েছে, আলোচ্য মাসে জাতীয় মজুরির হার সূচক দাঁড়ায় ১২৮, যা ২০১৪ সালের জুলাই মাসের তুলনায় ৭ দশমিক শূন্য ৪ শতাংশ বেশি। এতে দেখা যায়, মজুরির দুটি হিসাবই সাধারণ মূল্যস্ফীতির (৬ দশমিক ৩৬ শতাংশ) চেয়ে বেশি।
ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে মানুষের ওপর চাপ বাড়ে। আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের একই মাসে কত হারে পণ্যের দাম বাড়ল বা কমল, সেটি বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতি হিসাব করা হয়। সীমিত আয়ের মানুষের জন্য মূল্যস্ফীতি একধরনের কর। উদাহরণ দিয়ে বলা যায়, গত জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। এর মানে হলো, ২০১৪ সালের জুলাই মাসে একজন ভোক্তা একটি পণ্য ১০০ টাকায় কিনেছিলেন। এ বছর জুলাই মাসে সেটি কিনেছেন ১০৬ টাকা ৩৬ পয়সায়। এক বছরের ব্যবধানে ওই পণ্যের দাম বেড়েছে ৬ টাকা ৩৬ পয়সা। এটাই হলো মূল্যস্ফীতি।