মূল্যস্ফীতি বাড়তে দেওয়া হবে না: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের অর্থনীতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে এ দেশের গরিব মানুষের প্রধান শত্রু মূল্যস্ফীতি। আর তাই কেন্দ্রীয় ব্যাংক কোনো অবস্থাতেই দেশে মূল্যস্ফীতি বাড়তে দেবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে গভর্নর আরও বলেন, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতি পরিস্থিতি ভালো। উল্লেখ্য, সর্বশেষ হিসাব অনুযায়ী (জানুয়ারি ২০১১) দেশে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। পাশাপাশি তিনি এই আশাববাদও ব্যক্ত করেন যে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে। আর আগামী বছর তা ৭ শতাংশ ছাড়িয়ে যাবে।গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অর্থায়ন-বিষয়ক’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, কাজী আকরাম হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিং চৌধুরী।আলোচনায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ দেশে শিল্পায়নের স্বার্থে ব্যাংক-ঋণে সুদের হার ১৩ শতাংশে নামিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি কৃষক ও বাজারের মধ্যে পণ্যমূল্য পার্থক্য কমাতে সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়ের ব্যবস্থা চালুর পরামর্শ দেন। এ কে আজাদ আরও বলেন, উপজেলা- ইউনিয়ন পর্যায়ে সরকারি উদ্যোগে ক্রয়কেন্দ্র স্থাপন এবং উৎপাদিত কৃষিপণ্য ও পচনশীল পণ্য সংরক্ষণের জন্য বিশেষ পণ্যাগার অথবা হিমাগার স্থাপন করতে হবে। আবদুল আউয়াল মিন্টু বলেন, কৃষিভিত্তিক শিল্প বিকাশের জন্য কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে হবে। কৃষকের উৎপাদন বাড়লে প্রক্রিয়াজাত কারখানা এমনিতেই তৈরি হবে। মূল প্রবন্ধ উপস্থাপনকালে সুকোমল সিং চৌধুরী বলেন, উদ্যোক্তা ও ব্যাংকের মধ্যে দূরত্ব কমাতে হবে। কারণ উদ্যোক্তাদের অভিযোগ, ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাংক থেকে বলা হয়, উদ্যোক্তার অভাবে ঋণ দেওয়া যায় না।