আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পণ্য পরিবহনসহ কিছু পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি নিয়ে আমরা সুবিধাজনক অবস্থায় আছি। এটিকে ধরে রাখতে হলে নিবিড় পর্যবেক্ষণ দরকার। প্রয়োজনীয় সমন্বয় না করে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিলে কাজ হবে না।’ তিনি পণ্য পরিবহন, পাউরুটি ও বিস্কুট, ইংরেজি মাধ্যমে শিক্ষা, কুরিয়ার সেবা ও আউট সোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহ ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি জানান।
আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেট নিয়ে সহযোগী সংগঠনগুলোকে নিয়ে গতকাল শনিবার বিকেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মূল্যস্ফীতির বিষয়টি উল্লেখ করেন। তবে তিনি বলেন, আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের সময় এখনো আছে।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি শেখ ফজলে ফাহিম ও মুনতাকিম আশরাফ, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিসিআইয়ের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই ভ্যাটমুক্ত বার্ষিক লেনদেন বা টার্নওভার সীমা ৩৬ লাখ টাকা থেকে আরও বাড়ানো এবং টার্নওভার করের সীমা দেড় কোটি টাকা থেকে ৫ কোটি নির্ধারণ ও কর হার ৪ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করে। এ ছাড়া মোটরগাড়ির গ্যারেজ ওয়ার্কশপ, ডকইয়ার্ড, নির্মাণ সংস্থা, ভূমি উন্নয়ন সংস্থা, জোগানদাতা, ভবন নির্মাণ সংস্থা, জুয়েলারিসহ ৩৮ সেবা খাতে ১৫ শতাংশের পরিবর্তে হ্রাসকৃত হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব করে সংগঠনটি।
ফ্ল্যাট বিক্রয়ের ক্ষেত্রে আগে দেড়, আড়াই ও সাড়ে চার শতাংশ ভ্যাট দিতে হতো। নতুন আইন কার্যকর হলে দিতে হবে ১৫ শতাংশ। এ ক্ষেত্রে হ্রাসকৃত হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব দিয়ে এফবিসিসিআই বলেছে, বর্তমানে আবাসন খাত ভালো অবস্থায় নেই। অনেক ফ্ল্যাট অবিক্রীত আছে। তা ছাড়া আবাসন খাতের ওপর লোহা, ইস্পাত, সিমেন্ট, বালু, ইটসহ বিভিন্ন খাত নির্ভরশীল।
মূলধনি যন্ত্রপাতি, মৌলিক ও মধ্যবর্তী কাঁচামাল ও উপকরণের ওপর আরোপিত ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এআইটির জন্য ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। স্থানীয় শিল্প প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে।’
তৈরি পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যসহ সব রপ্তানি খাতের জন্য উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করেন সফিউল ইসলাম। এ ছাড়া করপোরেট কর কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী করপোরেট কর কমানোর আশ্বাস দিয়েছিলেন। তবে ঘোষিত বাজেটে সেটির প্রতিফলন দেখা যায়নি। প্রতিবেশী দেশে করপোরেট কর বাংলাদেশ থেকে অনেক কম।’
সংবাদ সম্মেলনে উপস্থিত বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান আগামী দুই বছরের জন্য পোশাক রপ্তানিতে উৎসে কর প্রত্যাহারের দাবি জানান।
প্রস্তাবিত বাজেটে ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের দাবি করে সফিউল ইসলাম বলেন, আবগারি শুল্ক বৃদ্ধি করায় আমানতকারীরা ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হবেন। এ ছাড়া অর্থ ব্যাংক চ্যানেলে না গিয়ে অপ্রাতিষ্ঠানিক চ্যানেলে চলে যাওয়ার আশঙ্কা আছে। এটি অর্থনীতির জন্য শুভ নয়।
প্রস্তাবিত বাজেটকে শিল্প ও বিনিয়োগবান্ধব বলে উল্লেখ করেন এফবিসিসিআইয়ের সভাপতি। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট অনুযায়ী বিদ্যুৎ-জ্বালানি, রেলওয়ে ও রাস্তাঘাটের উন্নতি হলে স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ আসবে।
সফিউল ইসলাম বলেন, ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। তবে বাজেট বাস্তবায়নে অর্থায়ন ও অর্থ ব্যয় সঠিকভাবে করতে না পারায় প্রতিবছরই বাজেট সংশোধন করতে হয়। তাই বাজেট বাস্তবায়নে বছরের শুরু থেকেই সুষ্ঠু তদারক করা জরুরি। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় এই বিশাল বাজেট বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকার ঘাটতি আছে, যা জিডিপির ৫ শতাংশ। ঘাটতি পূরণের জন্য সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়াতে পারে। অভ্যন্তরীণ ঋণ-ব্যবস্থা থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা নেওয়ার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। এতে ব্যাংক খাতের ওপর নির্ভরশীল উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ কমিয়ে দিতে পারে।
প্রস্তাবিত বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এ অর্জন চ্যালেঞ্জ মনে করে এফবিসিসিআই। তাদের বক্তব্য, রপ্তানি ও প্রবাসী আয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে নিম্নমুখী প্রবণতা আছে। এ ছাড়া সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে কৃষি ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় রাজস্ব আদায়ের এই উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন।