ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি বলছে, ২০১১-১২ অর্থবছরে মূল্যস্ফীতি ঘটেছে ১০ শতাংশের ওপর। জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোতে করমুক্ত আয়ের সীমা মাথাপিছু আয়ের সঙ্গে সংগতি রেখে বাড়ানো হয়েছে।প্রস্তাবিত বাজেটে কর ছাড়া শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই, এমন হিসাবধারীর ব্যাংক আমানতের সুদের ওপর ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার যে প্রস্তাব করা হয়েছে, তা-ও প্রত্যাহারের অনুরোধ করেছে এফবিসিসিআই।এ ছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থান উৎসাহিত করা এবং স্থানীয় শিল্পকে প্রতিযোগী করতে উৎপাদন স্তরে সব উৎপাদনশীল খাতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে সংগঠনটি।৭ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করেন। এই বাজেট প্রস্তাব পর্যালোচনা করে একটি বাজেট-পরবর্তী প্রস্তাব তৈরি করেছে এফবিসিসিআই। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিখিতভাবে এই ৩৭ দফা প্রস্তাব জমা দেওয়া হয়। আয়কর: তিন লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ, পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ছয় লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ২৫ শতাংশ হারে আয়কর ধার্য করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। ন্যূনতম কর ২০০ টাকা বাড়িয়ে দুই হাজার ২০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে এটি প্রস্তাব করা হয়েছে তিন হাজার টাকা।এফবিসিসিআই বলেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান ১০ শতাংশের কম লভ্যাংশ দেয়, তার ক্ষেত্রে ৩২ দশমিক ৫ শতাংশ, ২০ শতাংশের কম দিলে ২৫ শতাংশ এবং ২০ শতাংশের বেশি দিলে ২২ দশমিক ৫ শতাংশ আয়কর নির্ধারণ করা প্রয়োজন।এফবিসিসিআই বলছে, ইউরোপে অর্থনৈতিক মন্দা চলছে। তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের রপ্তানি কমছে। এ অবস্থায় রপ্তানির ধস ঠেকাতে আর্থিক প্রণোদনা না দিয়ে বাজেটে উৎসে কর বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক। এ প্রস্তাব বাতিল করা না হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলবে।বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়নের স্বার্থে শিল্পের মৌলিক কাঁচামালের ওপর অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার কিংবা কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করেছে এফবিসিসিআই। মূসক: প্রস্তাবিত বাজেটে পণ্যের ব্যবসায়ী, বাণিজ্যিক আমদানিকারক, খুচরা ব্যবসায়ী ও দোকানদারদের অভিন্ন মূসক হার ২৬ দশমিক ৬৭ শতাংশ ধার্য করে ৪ শতাংশ মূসক আরোপ করা হয়েছে। এফবিসিসিআই বলছে, এটা সম্পূর্ণ কাল্পনিক ও অবাস্তব। এ প্রস্তাব প্রত্যাহার করে বাজারভিত্তিক ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে সর্বোচ্চ ২ শতাংশ হারে মূসক ধার্য করার প্রস্তাব করে সংগঠনটি। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের মূসক প্রদানের হার ২০১৩ সাল পর্যন্ত আট হাজার, ২০১৪ সাল পর্যন্ত ১০ হাজার এবং ২০১৫ সাল পর্যন্ত ১২ হাজার টাকা পুনর্বহাল রাখার প্রস্তাব করা হয়। যেসব খাতের রেয়াত গ্রহণের সুযোগ বা সক্ষমতা নেই, সেসব খাতের পণ্য বা সেবার ক্ষেত্রে বিক্রয়মূল্য থেকে উপকরণমূল্য বাদ দিয়ে মূসক দেওয়ার বিধান করার প্রস্তাব রয়েছে এফবিসিসিআইয়ের।টার্নওভার (বার্ষিক লেনদেন) করের বিষয়ে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সাত লাখ টাকার ওপর বার্ষিক লেনদেনের ক্ষেত্রে মূসক আরোপ অবিবেচনাপ্রসূত। বার্ষিক লেনদেন ৬০ লাখ টাকা পর্যন্ত মূসকমুক্ত রাখা, ৬০ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত ২ শতাংশ এবং দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত লেনদেনে ৩ শতাংশ মূসক ধার্য করার প্রস্তাব করা হয়।শীতাতপনিয়ন্ত্রিত বাস এবং লঞ্চের ওপর ১০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নিট মূল্য সংযোজনের ভিত্তিতে ৪ দশমিক ৫ শতাংশ মূসক নির্ধারণেরও প্রস্তাব করে সংস্থাটি।আমদানিশুল্ক: এ-সংক্রান্ত প্রস্তাবে বলা হয়, শিল্পের মূলধনি যন্ত্রপাতির ওপর আমদানিশুল্ক ১ শতাংশ নির্ধারণ করতে হবে। আর শতভাগ রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি ও প্লাস্টিক খাতের সব ধরনের মূলধনি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ আমদানিতে শুল্ক তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।পুরোনো গাড়ির (রিকন্ডিশন্ড) শুল্কায়নমূল্য নির্ধারণে এফবিসিসিআই দুটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করার প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব হলো, জাপান থেকে আমদানির ক্ষেত্রে জাপানে প্রকাশিত হালনাগাদ করা ইয়েলো বুকে দেওয়া পুরাতন মূল্য এবং অন্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে গ্লাসেস গাইড ম্যাগাজিন অটোমোবাইলস কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো জার্নালে প্রকাশিত এফওবি মূল্যের সঙ্গে বিমা ও জাহাজভাড়া যোগ করে সিআইএফ শুল্কমূল্য নির্ধারণ করতে হবে।দ্বিতীয় প্রস্তাব হলো, ইয়েলো বুক এবং গ্লাসেস গাইড ম্যাগাজিন অটোমোবাইলস কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো জার্নালে প্রকাশিত সর্বোচ্চ বিক্রয়মূল্যের ওপর ২০ শতাংশ ছাড় (ডিসকাউন্ট) বাদ দিয়ে যে মূল্য থাকে, তাকে এফওবি মূল্য ধরতে হবে। এর সঙ্গে বিমা ও জাহাজভাড়া যোগ করে সিআইএফ মূল্য নির্ধারণ করে এক বছরের পুরোনো গাড়ির জন্য ১৬ শতাংশ, দুই বছরের পুরোনো গাড়িতে ২৮ শতাংশ, তিন বছরের পুরোনো গাড়িতে ৩৮ শতাংশ, চার বছরের পুরোনো গাড়িতে ৪৬ শতাংশ এবং এর বেশি পুরোনো গাড়ির জন্য ৬০ শতাংশ হারে অবচয় ধরে শুল্কমূল্য নির্ধারণ করা যেতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারতে এ পদ্ধতিতে পুরোনো গাড়ির শুল্কায়নমূল্য নির্ধারিত হয় বলেও এফবিসিসিআইয়ের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এফবিসিসিআই সব ধরনের ব্যাংক চার্জ কিংবা ফির ওপর ভ্যাট প্রত্যাহার; অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহার এবং এ খাতের কাঁচামালের আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার দাবি করেছে। এফবিসিসিআই বলছে, শ্রম আইনে কর্মস্থলে নিয়ন্ত্রিত তাপমাত্রাব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। আবার খাদ্যপণ্য ও ওষুধসহ বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হয়। সে কারণে এয়ারকন্ডিশনার (এসি) এখন আর বিলাসপণ্য নয়। তাই এসির ওপর আরোপিত অতিরিক্ত ৪০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে সংগঠনটি।