মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছর মূল্যস্ফীতির হার আর কোনোভাবেই লক্ষ্যমাত্রার মধ্যে থাকতে পারছে না। অর্থবছরের মে মাসে এসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। এপ্রিলে এই হার ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। সরকার চলতি ২০১০-১১ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল।তবে মে মাসে পয়েন্ট-টু-পয়েন্টভিত্তিক মূল্যস্ফীতির হার এপ্রিলের তুলনায় সামান্য কমেছে। এপ্রিলে যেখানে এই হার ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ, সেখানে মে মাসে তা হয়েছে ১০ দশমিক ২০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ উপাত্ত থেকে এই চিত্র পাওয়া গেছে। এতে বোঝা যায়, মূল্যস্ফীতির চাপ তেমন একটা প্রশমিত হয়নি। যদিও মে মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার খানিকটা কমে হয়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ।বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার এপ্রিল মাসের ৩ দশমিক ৯৭ শতাংশ থেকে খানিকটা বেড়ে হয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ। এতে আবারও প্রতীয়মান হয় যে মূলত খাদ্যের মূল্যস্ফীতিই সার্বিক মূল্যস্ফীতিকে পরিচালিত করছে। আর তাই সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে বা বাজারে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কতটা প্রশমিত করা যাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।অবশ্য খাদ্যবহির্ভূত মূল্যসূচকেও খাদ্যের বাইরে অন্যান্য পণ্য ও সেবার মূল্যস্তর বাড়ার চিত্র যথেষ্ট সঠিকভাবে উঠে আসছে কি না, তা নিয়েও কিছুটা প্রশ্ন রয়েছে। আর তাই এই সূচক পুনর্বিন্যাস করার বিষয়টি ভেবে দেখা দরকার বলে অর্থনীতিবিদেরা মনে করেন। বিবিএসের উপাত্ত অনুসারে, শহর এলাকার তুলনায় গ্রাম এলাকায় মূল্যস্ফীতির চাপ বেশি পরিলক্ষিত হয়। মে মাসে গ্রামে যেখানে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯৩ শতাংশ, সেখানে একই সময়ে শহরে এই হার হয় ৮ দশমিক ৩৭ শতাংশ। একইভাবে গ্রামে খাদ্যের মূল্যস্ফীতির হার মে মাসে ১৪ শতাংশ ছাড়িয়ে গেলে শহরে এই হার হয়েছে ১১ দশমিক ১৩ শতাংশ।এতে বোঝা যায় যে শহরের তুলনায় গ্রামের মানুষকে খাদ্যের জন্য বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অর্থমন্ত্রীও তাঁর বাজেট বক্তৃতায় এ প্রসঙ্গে বলেন, ‘মূল্যস্ফীতিতে গ্রামীণ ও দরিদ্র জনগণের ওপর চাপ বেশি পড়ে। আমরা এ বিষয়ে অত্যন্ত সচেতন। এবং খাদ্যপণ্য সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।...আমি আশা করি, চালের মূল্য পরিস্থিতির আরও উন্নতি হবে এবং মূল্যস্ফীতির হার কমবে।’অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আরও বলেন, ‘মূল্যস্ফীতির পেছনে যে বিষয়টি মুখ্য ভূমিকা রাখছে তা হলো আন্তর্জাতিক বাজারে প্রাথমিক পণ্যসহ অন্যান্য পণ্য এবং জ্বালানি তেলের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি।...জ্বালানি তেলের অব্যাহত মূল্যবৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়িয়ে মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।’বিবিএসের উপাত্ত থেকে আরও দেখা যায়, মে মাসে গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ। আর শহরে এই হার হয়েছে ৪ দশমিক ৭৭ শতাংশ।এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে রেপো ও রিভার্স রেপোর হার আরেক দফা বাড়িয়েছে। রেপোর হার সোয়া ৬ শতাংশ থেকে বাড়িয়ে পৌনে ৭ শতাংশ করা হয়েছে। আর রিভার্স রেপোর হার সোয়া ৪ শতাংশ থেকে বাড়িয়ে পৌনে ৫ শতাংশ করা হয়েছে।রেপো হলো মুদ্রাবাজারের সেই হাতিয়ার, যার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ট্রেজারি বিল জমা রেখে তার বিপরীতে টাকা ধার দেয়। এ জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সুদ দিতে হয়। এই সুদের হার বাড়া মানে কেন্দ্রীয় ব্যাংক সহজে ঋণ দিতে আগ্রহী নয়।অন্যদিকে রিভার্স রেপোতে কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিল ফেরত দিয়ে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা ঋণ হিসেবে তুলে নেয়। এ জন্য ব্যাংকগুলো সুদ পায়। এই সুদের হার বাড়া মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা জমা দিতে উৎসাহিত করা।দুই প্রক্রিয়াতেই মুদ্রাবাজারে তারল্যের জোগানে রাশ টানা হয়। তাতে করে ঋণপ্রবাহ কমে আসে, যা প্রলম্বিতভাবে মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রসঙ্গে বাজেট বক্তৃতায় বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রশাসনিক ও কাঠামোগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মুদ্রা সরবরাহ যাতে বাজারে অতিরিক্ত তারল্য সৃষ্টি করে মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে না দেয়, সেদিকেও আমরা নজর রেখেছি। এ লক্ষ্যে গত বছরের মে মাসে একবার বাংলাদেশ ব্যাংকে তফসিলি ব্যাংকসমূহের নগদ জমা সংরক্ষণ আবশ্যকতা (সিআরআর) ও সংবিধিবব্ধ তারল্যের হার (এসএলআর) ৫০ বেসিস পয়েন্টস এবং গত বছরের ডিসেম্বরে এ উভয় হার পুনরায় ৫০ বেসিস পয়েন্টস বাড়ানো হয়েছে। এ ছাড়া বাজারে মুদ্রা সরবরাহ যথাযথ রাখার লক্ষ্যে রেপো ও রিভার্স রেপো সুদের হারও সমন্বয় করা হয়েছে। এ পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি হ্রাসে তাৎক্ষণিক প্রভাব কম অনুভূত হলেও দীর্ঘ মেয়াদে মূল্যস্ফীতি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।’