মূল্যস্ফীতি সামান্য নিম্নমুখী
দেশের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ সামান্য কমেছে। চলতি বছরের মার্চে মাসওয়ারি মূল্যস্ফীতির হার কমে ৭ দশমিক ৭১ শতাংশ হয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ৮৪ শতাংশ।২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে এই হিসাব করা হয়েছে। আবার ১৯৯৫-৯৬ সালকে ভিত্তি বছর ধরলেও মূল্যস্ফীতির হার কমেছে। এই হিসাবে মার্চে মূল্যস্ফীতির হার কমে ৭ দশমিক ৭৪ শতাংশ হয়, যা ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিসংখ্যান ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির পরিচালক সত্যরঞ্জন মণ্ডল, যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ ও উপমহাপরিচালক মিজানুর রহমান।বিবিএস জানায়, গ্রামের চেয়ে শহরের মূল্যস্ফীতির হার বেশি লক্ষ করা গেছে। মার্চে শহর এলাকায় মূল্যস্ফীতি হার ছিল ৮ দশমিক ৮০ শতাংশ। আর গ্রামে এই হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। আগের ভিত্তি বছর ধরে একই সময়ে শহর ও গ্রামের মূল্যস্ফীতির হার হচ্ছে যথাক্রমে ৮ দশমিক ৪৬ ও ৭ দশমিক ৪৬ শতাংশ।বিবিএস জানায়, মার্চে চাল, মাছ, মাংস, দুধ, চাসহ অন্য খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে খাদ্যের মূল্যস্ফীতি বেড়েছে। আবার খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে কাপড়চোপড়, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, পরিবহন, শিক্ষা উপকরণ ও সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে।নতুন ভিত্তি বছরের হিসাবে মার্চ শেষে বার্ষিক (এপ্রিল ’১২-মার্চ ’১৩) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আর গত বছরের মার্চে (এপ্রিল ’১১-মার্চ ’১২) এই হার ছিল ১০ দশমিক ১৫ শতাংশ। তবে আগের ভিত্তি বছর ধরলে, চলতি বছরের মার্চ শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮ শতাংশ। আর গত বছরের মার্চে এই হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ।সরকার অবশ্য চলতি অর্থবছর শেষে (জুন, ১৩) বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সে হিসাবে মূল্যস্ফীতির হার এখনো বেশি।আবার গত ফেব্রুয়ারি ও মার্চে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচক যথাক্রমে সাত হাজার ৫৩১ ও সাত হাজার ৫৯৯। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এই দুই মাসে মজুরি বৃদ্ধির হার ১৪ দশমিক ১৯ ও ১৪ দশমিক ৪৫ শতাংশ। বিবিএস বলছে, মূল্যস্ফীতির তুলনায় দেশে মজুরির হার বেড়েছে।