মূল্যস্ফীতি হ্রাসের দিকনির্দেশনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনকল্যাণের বিবেচনায় এবং নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য সরকারকে একটি বড় বাজেট দিতে হয়েছে। তাই ২০১২-১৩ অর্থবছরের মধ্যেই সরকারকে তার নির্বাচনী ইশতেহার পূরণে ব্রতী হতে হবে। এই অবস্থায় বড় অঙ্কের বাজেট ঘাটতি মঙ্গলজনক নয়। কেননা, কর আদায় এবং সরকারি ব্যয়ের মধ্যে বড় ফারাক থাকায় বাজেট বাস্তবায়নে সমস্যা হবে এবং দেশের জন্য বাড়তি চাপ বয়ে আনবে। আগামী বাজেটে মূল্যস্ফীতি হ্রাসের প্রয়াসের কথা বলা হয়েছে। কিন্তু চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ১০ শতাংশের ওপরে রয়েছে। এই অবস্থায় মূল্যস্ফীতির উচ্চহার কমানো না গেলে ধনী-গরিবের বৈষম্য কমানো যাবে না। অথচ মূল্যস্ফীতি কীভাবে হ্রাস করা হবে, তার দিকনির্দেশনা নেই।কালোটাকা সাদা করা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। পুঁজি দেশ থেকে পাচার হওয়া রোধের জন্য সরকারকে এই পদক্ষেপ নিতে হয়েছে। বস্তুত, বাংলাদেশে যে বিশাল আনরেকর্ডেড ইকোনমি বা অঘোষিত অর্থনীতি আছে, সেই বাস্তবতার নিরিখে কালোটাকা সাদা করার প্রয়াস নেওয়া হয়েছে। সামষ্টিক অর্থনীতিতে পুঁজিসংকটের জন্য বিভিন্ন সরকার এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।সরকার আগামী বাজেটে প্রাধান্য দিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়ন করা না গেলে জাতীয় প্রবৃদ্ধি কখনোই ৭ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। তবে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের দিকে খেয়াল রাখা দরকার।বাজেটে মানবসম্পদ উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে কর্মকৌশল এবং বাস্তব প্রয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে তা অপ্রতুল। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানাভাবে ভুক্তভোগী হচ্ছেন। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত শিক্ষার মানের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ যতটুকুই দেওয়া হোক না কেন, তা কখনো আশানুরূপ ভূমিকা পালন করছে না। ফলে স্বাস্থ্যসেবা খাতে একদিকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রচুর পরিমাণ অর্থ দেশ থেকে চিকিৎসার জন্য বিদেশে চলে যাচ্ছে। তবে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের যে কথা বলা হয়েছে এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের উপকারে আসবে।জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের দেশের অন্যতম বড় সমস্যা। জনসংখ্যার ঊর্ধ্বগতির হার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার ছিল।এদিকে বাংলাদেশে পোলট্রি শিল্পে দুর্দিন চলছে। সে জন্য পোলট্রি খাতে ভর্তুকিসহ নানাবিধ ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল। পাট ও পাটজাত পণ্যের প্রতি উন্নয়নমূলক ব্যবস্থা করা উচিত ছিল।রাজস্ব আদায়ের ২২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়তো সম্ভব হবে। কেননা, করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি।সরকারি-বেসরকারি অংশীদারি বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) গড়ে তোলা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছার চেয়ে বরং বেসরকারি উদ্যোক্তাদের নিরুত্তাপ ব্যবহারই দায়ী।মুহম্মদ মাহবুব আলী: বিভাগীয় প্রধান, স্কুল অব বিজনেস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা।