মূল্যস্ফীতিই এখন সরকারের বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই বর্তমানে অর্থনীতির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাকি চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে বাণিজ্য-ভারসাম্য রক্ষা ও মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বার্ষিক উন্নয়ন-কর্মসূচি বাস্তবায়ন।গতকাল বুধবার ‘২০১১-১১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআরডিএস) পক্ষ থেকে এই চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। বিআইডিএস, ইউএসএইড ও প্রগতি কর্মসূচির যৌথ আয়োজনে শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আরও উপস্থিত ছিলেন সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, সাংসদ আলী আশরাফ, শাহ জিকরুল আহমেদ, মজিবুল হক চুন্নু, জাহানারা বেগম, আসমা জেরিন ঝুমু, বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত্ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী। মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিআইডিএসের ঊর্ধ্বগত গবেষক নাজনীন আহমেদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য বিধিবদ্ধ জমা নগদ অংশ (সিআরআর) বাড়িয়েছে। অন্যদিকে সরকারের ব্যাংক ঋণ নেওয়ার হার কমলেও রিজার্ভ মুদ্রার পরিমাণ বাড়ানো হয়েছে, নতুন করে টাকা ছাপানো হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের দাম বাড়ার ফলে মূল্যস্ফীতি আরও বাড়ছে। দেশে চালের উৎপাদন ভালো হলেও দাম কমছে না। পাঁচ কারণে চালের দাম বাড়ছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। এগুলো হলো: কৃষিশ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়ে উৎপাদনখরচ বৃদ্ধি, চালকল মালিকদের মজুদপ্রবণতা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ভবিষ্যতে দাম বাড়ার প্রত্যাশায় চাল মজুদের প্রবণতা ও অনানুষ্ঠানিক কাজ হতে আয় বৃদ্ধি। প্রবন্ধে আরও বলা হয়েছে, যেহেতু আমদানি বাড়ছে ও প্রবাসী আয় বৃদ্ধি সীমিত হচ্ছে, সেহেতু বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে। এর প্রভাবে ইতিমধ্যে টাকার অবমূল্যায়ন হয়েছে। এতে আমদানি আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যার ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেমিনারে অংশ নেওয়া সাংসদেরা জানান, সরকারের বাজেট প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে সাংসদদের সম্পৃক্ততা কম। তাঁরা সবাই সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এখন যে বাজেট হয়, এটা পুরোপুরি আমার বাজেট নয়। সবার অংশগ্রহণের মাধ্যমেই এই বাজেট প্রণয়ন করা হয়।’ যেকোনো ধরনের মতামত দেওয়ার জন্য তিনি সাংসদদের প্রতি আহ্বান জানান। বাজেটে জনসংখ্যাকে প্রাধান্য দিতে হবে—এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘সরকারি হিসাবে বলছে, দেশে জনসংখ্যা ১৪ কোটি ৭০ লাখ। আমার বিশ্বাস, এটা ১৬ কোটির কম নয়। সর্বশেষ আদমশুমারি গণনায় যাতে প্রকৃত চিত্র ওঠে আসে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এ ছাড়া তিনি পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণ কর্মসূচির ওপর জোর দেন। অর্থমন্ত্রী বলেন, দেশে প্রকৃত পক্ষে খাদ্য সমস্যা নেই। বছরে প্রায় তিন কোটি ৩৫ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদিত হচ্ছে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে প্রতিবছর খাদ্য আমদানি করতে হচ্ছে। মহীউদ্দীন খান আলমগীর বলেন, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হয়েছে। এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। মহীউদ্দীন আরও বলেন, মূল বাজেটের তুলনায় উন্নয়ন-বাজেট ছোট হয়ে যাচ্ছে। এর আকার বাড়াতে হবে। অন্যথায় উৎপাদন-ক্ষমতা বাড়ানো সম্ভব হবে না। জেলা বাজেট করলে সম্পদ স্থানান্তরের জটিলতা বাড়বে ও বাধা আসবে বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক শেয়ারবাজারসংক্রান্ত তদন্ত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, ‘এটি অতিমাত্রায় ধারণানির্ভর প্রতিবেদন। আর শেয়ারবাজারের লাভ-লোকসানের দায়িত্ব সরকারের নয়। বেশিমাত্রায় শেয়ারবাজার নিয়ন্ত্রণ করা ঠিক নয়।’সাংসদ আলী আশরাফ বলেন, দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ আসবে না। এ মুহূর্তে দৃশ্যত বিনিয়োগের প্রভাব শিল্প খাতে দেখা যাচ্ছে না। সংরক্ষিত আসনের সাংসদ জাহানারা বেগম বলেন, ‘চালের দাম আরও বাড়লে রাস্তায় মার খেতে হবে। জনগণ আর বুঝতে চাইবে না। চালসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা উচিত।’মজিবুল হক চুন্নু বলেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সাংসদদের কোনো ভূমিকা নেই। প্রতিবার বক্তৃতার জন্য পাঁচ-সাত মিনিট সময় দেওয়া হয়। এলাকার সমস্যা তুলে ধরতেই এ সময়ের বেশির ভাগ চলে যায়। শাহ জিকরুল আহমেদ জানান, সরকারের রাজস্ব আয় বাড়াতে এই খাতে পর্যাপ্ত লোকবল নিয়োগ দিতে হবে।