মূল্যস্ফীতিতে শীতের আমেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি পরিস্থিতিতে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। শীতকালীন শাকসবজি বাজারে আসতে শুরু করায় মূল্যস্ফীতি আরও কমেছে। গত নভেম্বরে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ হয়েছে। গত অক্টোবর মাসে এ হার ছিল ৬ দশমিক ১৯ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।

বিবিএসের তথ্যানুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। অক্টোবর মাসে এ হার ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে নভেম্বর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ। অক্টোবর মাসে এ হার ৬ দশমিক ৬৭ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বেশি, দামও কম। তাই মূল্যস্ফীতি কমছে। শীতের সময়ে যদি অস্বাভাবিক কিছু না ঘটে, পণ্যের সরবরাহব্যবস্থা বিঘ্নিত না হয়; তবে এ সময়ে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতি কম থাকে।

বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, গত নভেম্বর মাসে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। গত নভেম্বর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ, আর গ্রামে ছিল ৫ দশমিক ৬১ শতাংশ। তবে অক্টোবর মাসের চেয়ে মূল্যস্ফীতির চাপ শহর-গ্রামনির্বিশেষে কমেছে।

মূল্যস্ফীতি পরিস্থিতি বিশ্লেষণ করে বিবিএস আরও বলছে, চাল, ডাল, শাকসবজি, মসলা ও ভোজ্যতেল জাতীয় পণ্যের দাম গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে কমেছে। তাই সামগ্রিকভাবে খাদ্য উপখাতে দশমিক ৩৫ শতাংশ নেতিবাচক মূল্যস্ফীতি হয়েছে। অন্যদিকে পরিধেয় বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম বেড়েছে, তাই একই সময়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ২৬ শতাংশ।

আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০-১১ ভিত্তিবছর ধরে গত নভেম্বর মাসে জাতীয় মজুরি হার সূচক ছিল ১৩২ দশমিক ৩৭, যা ২০১৪ সালের নভেম্বর মাসের তুলনায় ৭ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে। অর্থাৎ, যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ। এরপরের মাসে আরও কিছুটা কমে ৬ দশমিক ১৭ শতাংশ হয়। তবে ঈদের কারণে গত সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়ে ৬ দশমিক ২৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল।