মূল্যস্ফীতিতে শীতের ছোঁয়া
শীত আসছে—এ কথা জানান দিচ্ছে বাজার। বাজারে উঠছে শাকসবজি, মাছসহ শীত মৌসুমের নানা সদাই। দামও কমতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতি পরিস্থিতিতে। সীমিত আয়ের মানুষের মনেও স্বস্তি—তরিতরকারির দর বুঝি হাতের নাগালে এল।
সামগ্রিকভাবে গত নভেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। অক্টোবর মাসে এ হার ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
মূল্যস্ফীতি কমার কারণ হিসেবে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন ভালো সময় যাচ্ছে। শাকসবজি, মাছের দাম বেশ কম। সরবরাহ স্বাভাবিক আছে। তাই মূল্যস্ফীতি কমেছে। তিনি আরও বলেন, বর্তমানে মূল্যস্ফীতির যে প্রবণতা, তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৫ শতাংশের মধ্যে থাকবে বলে তিনি আশা করেন।
বিবিএসের তথ্য-উপাত্ত অনুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। গত নভেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৪১ শতাংশ। গত অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। এদিকে খাদ্যবহির্ভূত খাতে নভেম্বর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। অক্টোবরে এ হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।
বিবিএস বলছে, গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে চাল, ডাল, শাকসবজি, পেঁয়াজ ও আদাসহ ভোগ্যপণ্যের দাম কমেছে দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে একইভাবে কাপড়চোপড়, জ্বালানি, বাড়িভাড়া, আসবাব, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে দশমিক ০৩ শতাংশ।
গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাঁদের তুলনামূলক বেশি দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে। গত নভেম্বর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ৫৬ শতাংশ। আর গ্রামে এ হার ৪ দশমিক ৭৫ শতাংশ।
মানুষের আয়ের সঙ্গে মূল্যস্ফীতি সংগতিপূর্ণ কি না, তা পর্যালোচনা করতে প্রতি মাসেই বিবিএস জাতীয় মজুরি সূচক প্রকাশ করে।
বিবিএসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালের নভেম্বর মাসের চেয়ে গত নভেম্বর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ৪১ শতাংশ। যা গত নভেম্বর মাসের মূল্যস্ফীতির চেয়ে কম। এর মানে মজুরি যে হারে বেড়েছে, মূল্যস্ফীতি সে হারে বাড়েনি। তাই বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে না।