মূল্যস্ফীতিতে স্বস্তি দিয়ে অর্থবছর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্য একটি স্বস্তির খবর। চলতি অর্থবছরে মূল্যস্ফীতির চাপ কম সামলাতে হবে অর্থমন্ত্রীকে। লক্ষ্যমাত্রার চেয়ে কম মূল্যস্ফীতি নিয়ে চলতি অর্থবছর শুরু হলো। গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী।
অবশ্য মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকার ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘আগামী বছর জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমার সম্ভাবনা রয়েছে। কৃষিতে ধারাবাহিক প্রবৃদ্ধির সম্ভাবনা ও অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতির ধারাবাহিক উন্নয়ন খাদ্য মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখবে বলে ধারণা করছি।’
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর এই আশাবাদের চেয়েও গত জুলাই মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি ছিল আরও বেশি সহনীয়। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য সাংবাদিকদের দেন।
জুলাই মাসের মূল্যস্ফীতি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমলেও ঈদের কারণে জুলাই মাসে খাদ্য খাতে বেড়েছে। তবে সার্বিকভাবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে জানা গেছে, জুন মাসের চেয়ে জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুন মাসে, অর্থাৎ সার্বিক মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৩ শতাংশ নিয়ে গত অর্থবছর শেষ হয়েছিল।
বিবিএসের হালনাগাদ পরিস্থিতি অনুযায়ী, জুলাই মাসে খাদ্যবহির্ভূত পণ্যে কমলেও খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। জুন মাসে এ হার ছিল সাড়ে ৭ শতাংশ। অন্যদিকে জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৪ দশমিক ৩৫ শতাংশ, জুন মাসে ছিল ৪ দশমিক ২৩ শতাংশ।
বিবিএসের হিসাবে দেখা গেছে, চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, মসলা, তেল, ফল, চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম গত জুন মাসের তুলনায় জুলাই মাসে ২ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। আর পরিধেয় বস্ত্র, জ্বালানি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, শিক্ষা-উপকরণসহ পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ।
বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। গত জুলাই মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ শতাংশ, আর গ্রামে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ।
আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মানুষের মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের জাতীয় মজুরি হার সূচকে দেখা গেছে, ২০১৫ সালের জুলাই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৪ শতাংশ। চলতি বছরের জুন মাসে তা কমে দাঁড়ায় ৬ দশমিক ১৩ শতাংশ। তবে তা সার্বিক মূল্যস্ফীতি কম থাকায় মানুষের ক্রয়ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়েনি।