মূল্যস্ফীতিতেই স্বস্তি খোঁজার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির গতিময়তা যখন আর কাঙ্ক্ষিত পর্যায়ে নেই, নেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর কোনোই সম্ভাবনা, তখন মূল্যস্ফীতির হারকে যতটা সম্ভব নিচের দিকে রাখার মধ্যেই সরকারের বড় ধরনের স্বস্তি নির্ভর করছে। প্রবৃদ্ধির হারে যেখান থেকে বর্তমান সরকারের যাত্রা শুরু ছিল, মেয়াদের শেষ প্রান্তে এসে আবার সেখানে বা তার কাছাকাছি ফিরে যাওয়া কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। উল্টোটা সত্যি মূল্যস্ফীতির ক্ষেত্রে। চলতি ২০১২-১৩ অর্থবছরের শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল বছরের প্রারম্ভেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি যাওয়া যাবে। এটা বর্তমান সরকার শাসনভার গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ অর্থবছরের গড় হারের চেয়ে কিছুটা বেশি হলেও পরবর্তী দুই বছরের বড় উল্লম্ফনের তুলনায় অনেকটাই কম হবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায় যে ২০০৮-০৯ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছরের ৯ দশমিক ৯৩ শতাংশের থেকে মূল্যস্ফীতির হার এক বছরের ব্যবধানে এক-তৃতীয়াংশ কমে যাওয়া যেকোনো সরকারের জন্যই বিরাট স্বস্তিদায়ক। তবে বর্তমান সরকার ২০০৮-০৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের প্রারম্ভে দায়িত্ব গ্রহণ করে। স্বাভাবিকভাবে ওই ছয় মাসে বড় কিছু করার সুযোগ ছিল কম। বৈশ্বিক পরিস্থিতির কারণেই মূলত মূল্যস্ফীতির হার নিম্নগামী হয়েছিল। আওয়ামী লীগ সরকার তাই ২০০৯-১০ অর্থবছরকেই প্রথম পূর্ণাঙ্গ অর্থবছর হিসেবে পায়। এই বছর শেষে গড় মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৭ দশমিক ৩১ শতাংশ। একই সময়ে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১০ শতাংশ, যা আবার আগের অর্থবছরের চেয়ে বেশি। প্রবৃদ্ধি-মূল্যস্ফীতির মোটামুটি একটি ভারসাম্যপূর্ণ বছর হিসেবে অতিক্রান্ত হয় এটি। কিন্তু পরের দুই বছরে মূল্যস্ফীতির হার অনেকটা হু হু করে ঊর্ধ্বমুখী হয়। ২০১০-১১ অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৮০ শতাংশ, যেখানে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭০ শতাংশ। বর্তমান সরকারের সময়ে এটাই সর্বোচ্চ হারে প্রবৃদ্ধি অর্জন। ২০১১-১২ অর্থবছরে প্রবৃদ্ধির হার নেমে আসে ৬ দশমিক ৩০ শতাংশে। বিপরীতে বছর শেষে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে উন্নীত হয়। এই হার দাঁড়ায় ১০ দশমিক ৬২ শতাংশ। মোটা দাগে বলা যেতে পারে, প্রবৃদ্ধির ফসল গিলে ফেলতে থাকে মূল্যস্ফীতির দানব।বস্তুত পণ্যমূল্য তথা জীবনযাত্রার ব্যয় বাড়ার অভিঘাতে সাধারণ মানুষ, বিশেষত নির্দিষ্ট আয়ের মানুষ যতখানি বিপর্যস্ত হয়, তা আর অন্য কিছুতে হয় না। আর মূল্যস্ফীতির চাপ তুলনামূলকভাবে নির্দিষ্ট ও সীমিত আয়ের মানুষকেই বেশি বহন করতে হয়। তাদের পক্ষে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা সম্ভব হয়ে ওঠে না, যেটা কিনা অনেক নিম্ন আয়ের মানুষ বিভিন্ন কৌশলে অনেকটাই করতে সক্ষম হয়। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এর একটি দৃষ্টান্ত হতে পারে। ভাড়া বৃদ্ধির ভার ভোক্তাকেই বহন করতে হয়। সুতরাং উচ্চ মূল্যস্ফীতির একটি রাজনৈতিক মূল্য আছে। আর সেই মূল্য গুনতে হলে তা রাজনৈতিক সরকারের জন্য সব সময় সুখকর নয়। বিশেষ করে যখন অর্থনীতির গতিময়তা শ্লথ হয়ে পড়ে, যখন বিনিয়োগ স্থবির হয়ে পড়ে, যখন ব্যবসা-বাণিজ্যে চাঙাভাব থাকে না, তখন উচ্চ মূল্যস্ফীতি প্রশমন করার দিকেই বেশি জোর দিতে হয়। সরকারকে এখন সেটাই করতে হচ্ছে। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এ তসলিম প্রথম আলোকে বলেন, ‘মূলত সামগ্রিক চাহিদা কমিয়ে মূল্যস্ফীতিকে নামিয়ে আনা হচ্ছে। আর মূল্যস্ফীতি যেভাবে বেড়ে গিয়েছিল, তা নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা জরুরি হয়ে পড়েছিল। তবে সামগ্রিক চাহিদার সংকোচন ঘটায় কমে গেছে ঋণপ্রবাহ, আমদানিও ব্যাপকভাবে কমে গেছে।’এম এ তসলিম আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা নেওয়ার বিপরীতে যেসব শর্ত প্রতিপালন করতে হচ্ছে, তার অন্যতম হলো মুদ্রা সরবরাহ কমিয়ে বাজারে অর্থপ্রবাহ কমানো। এটি করতে গিয়ে ঋণপ্রবাহ কমে গেছে।’ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ ঋণপ্রবাহ বেড়েছে ৭ শতাংশ। আর বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে প্রায় সাড়ে ৬ শতাংশ। অথচ গত অর্থবছরের একই সময়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছিল সাড়ে ১১ শতাংশ। এম এ তসলিম মনে করেন, সামষ্টিক অর্থনীতির গতিময়তা যে শ্লথ হয়ে পড়েছে, তা থেকে শিগগিরই উত্তরণের সুযোগ নেই। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা-সহিংসতা যখন বাড়ছে, তখন অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে না। এ বাস্তবতায় বিনিয়োগের জন্য ঋণের চাহিদাও কমে যাবে, যা এখন হচ্ছে। সেদিক থেকে মূল্যস্ফীতি প্রশমন এখন কিছুটা সহজ হয়ে গেছে।সুতরাং, আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিম্ন প্রবৃদ্ধির যৌক্তিকতা ব্যাখ্যার পাশাপাশি নিম্ন মূল্যস্ফীতির সাফল্যে অনেকটাই স্বস্তিতে থাকবেন, যা চোখ বুজেই বলে দেওয়া যায়।