মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে
দেশের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৬২ শতাংশ। আর গত বছর ডিসেম্বরে এই হার ছিল ৭ দশমিক ১৪ শতাংশ।এটি নতুন ভিত্তিবছর ২০০৫-০৬ সালের ভিত্তিতে নির্ণীত। একই হিসাবে গত বছর জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। অর্থাত্ গত বছরের জানুয়ারিতে দেশে যে হারে মূল্যস্ফীতি হয়েছে, সেই চাপ এ বছরের জানুয়ারিতে এসে কিছুটা প্রশমিত হয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, পরিচালক সত্যরঞ্জন মণ্ডল ও যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ।বিবিএস জানিয়েছে, পুরোনো ভিত্তিবছর ১৯৯৫-৯৬ সালের হিসাবে গত জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। আর ২০১২ সালের ডিসেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। পুরোনো ও নতুন মিলিয়ে উভয় ভিত্তিবছরের বিবেচনায় জানুয়ারি মাসে মূল্যস্ফীতির চাপ কিছুটা কম ছিল বলে সংস্থাটি বলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসিক ভিত্তিতে ২০১২ সালের ডিসেম্বরের তুলনায় ২০১৩ সালের জানুয়ারিতে খাদ্যসামগ্রী উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ১ দশমিক ০২ শতাংশ। চাল, আটা, মসুর ডাল, মাছ, ডিম ও তামাকজাতীয় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এই মূল্যস্ফীতি ঘটেছে। আর খাদ্যবহির্ভূত উপখাতে এই হার ছিল ১ দশমিক ০৮ শতাংশ। কাপড়চোপড়, বাড়িভাড়া, জ্বালানি তেল, আসবাব, গৃহস্থালি পণ্যসহ সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্যস্ফীতি ঘটেছে। জানুয়ারি মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতির হার কিছুটা কম থাকায় তা সার্বিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। জানুয়ারি শেষে বার্ষিক (ফেব্রুয়ারি ’১২-জানুয়ারি ’১৩) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ০৬ শতাংশ। আর গত জানুয়ারিতে (ফেব্রয়ারি ’১১-জানুয়ারি ’১২) এই হার ছিল ১১ দশমিক ১৬ শতাংশ। বিবিএস আরও জানিয়েছে, ২০১২ সালের ডিসেম্বর ও ২০১৩ সালের জানুয়ারিতে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচক ছিল যথাক্রমে সাত হাজার ৩৫৯ ও সাত হাজার ৪৪২। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারিতে মজুরি বৃদ্ধির হার ছিল ১৫ দশমিক ৬৫ শতাংশ। বিবিএস বলছে, মূল্যস্ফীতির তুলনায় দেশে মজুরির হার বেড়েছে। সরকার চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময়ই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সাড়ে ৭ শতাংশ। বিবিএস সর্বশেষ গত জানুয়ারি মাসের মূল্যস্ফীতির যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, মূল্যস্ফীতি সরকারের লক্ষ্যমাত্রার নিচে নেমে এসেছে। ফলে এ নিয়ে সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় সংস্থাটির কর্মকর্তাদের। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিবিএস বলছে, সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূল্যস্ফীতির এই হার পাওয়া গেছে। এর সঙ্গে সরকারের লক্ষ্যমাত্রাকে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই।বিবিএসের কর্মকর্তারা আরও বলেন, জানুয়ারিতেও মূল্যস্ফীতি হয়েছে। তবে বৃদ্ধির হারটি কম ছিল। আর সারা দেশ থেকে বিভিন্ন পণ্যের যে দর সংগ্রহ করা হয়েছে, তাতে জানুয়ারিতে বিভিন্ন পণ্যের দরবৃদ্ধির বাস্তব চিত্র রয়েছে।