মূল্যস্ফীতির চাপ সামলানো যাচ্ছে না

গত জানুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা ৬ শতাংশের কাছাকাছি রয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতির চাপ যেমন সামলানো যাচ্ছে না, তেমনি নিত্যপণ্যের দামেও লাগাম টানা যাচ্ছে না। কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি ৬ শতাংশের আশপাশে আটকে আছে। এ কারণে জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে মূল্যস্ফীতির সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। মজুরি সূচক ও মূল্যস্ফীতি প্রায় কাছাকাছি চলে আসছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত জানুয়ারি মাসে মাসওয়ারি সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশে। তবে তা ডিসেম্বরের চেয়ে কিছুটা কমেছে। ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

তিন মাস ধরেই মূল্যস্ফীতির ছয়ের ঘরের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। গত নভেম্বরে এক লাফে মূল্যস্ফীতি ১ শতাংশ বেড়ে যায়। ওই মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৯৮ শতাংশে। পরের মাসে তা বেড়ে ৬ শতাংশের ঘর পার হয়, মূল্যস্ফীতি দাঁড়ায় ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। গত জানুয়ারি মাসে তা কিছুটা কমে ৬ শতাংশের নিচে নামে। তবে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে মূল্যস্ফীতি কমার এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কারও কারও মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, মূল্যস্ফীতি এখন একটি বড় চ্যালেঞ্জ। কোভিডের মধ্যে বিশ্বের অনেক দেশের মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়েছে। যেমন আর্জেন্টিনার মূল্যস্ফীতি ৫০ শতাংশ। বাংলাদেশের মূল্যস্ফীতি কমও না, আবার বেশিও না। তিনি আরও বলেন, বাংলাদেশের সমস্যা হলো মূল্যস্ফীতি সংখ্যায় যা বলা হয়, ধারণায় তার অনেক বেশি। এ কারণে মূল্যস্ফীতির প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। টিসিবির ট্রাকের সামনে মানুষের সারি দেখলেই তা বোঝা যায়। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের আয়ের তুলনায় খরচ বেড়ে যাচ্ছে।

এদিকে বাজারের পরিস্থিতিও বেশ নাজুক। গত এক বছরে চাল-ডাল, তেল-নুনসহ বিভিন্ন নিত্যপণ্যের পাশাপাশি পরিবহন খরচ, বাসাভাড়া, শিক্ষা খরচও বেড়েছে। করোনার কারণে মানুষের আয় কমে গেলেও ব্যয় বাড়ছে হু হু করে। ফলে মূল্যস্ফীতির চাপও বাড়ছে।

মূল্যস্ফীতি হলো সাধারণ মানুষের ওপর একধরনের করের মতো। জিনিসপত্রের দাম বাড়লে তা বেশি দামে কিনতে হয়। কিন্তু ওই ব্যক্তির আয় না বাড়লে তাঁর ক্রয়ক্ষমতা কমে যায়।

খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৬ শতাংশ

বিবিএসের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা ৬ শতাংশের ওপরেই রয়েছে। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি এখন ৬ দশমিক ২৬ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৭ শতাংশ। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৬০ শতাংশ হয়েছে। জানুয়ারি মাসে স্কুলে ভর্তি, খাতা–কলম কেনাসহ বিভিন্ন খাতে কেনাকাটার খরচ বাড়লেও কেন খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিবিএস বলছে, গত জানুয়ারি মাসে শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। তবে এই চাপ আগের মাসের তুলনায় কম। গত মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ, আর শহরে ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।

মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় কী ধরনের প্রভাব ফেলছে, তার তথ্য পাওয়া যায় বিবিএসের জাতীয় মজুরি সূচক থেকে। মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএস বলছে, ২০১০-১১ ভিত্তিবছর ধরে গত জুন মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৫ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি ও মজুরি সূচক প্রায় এক হয়ে গেছে। স্বাভাবিক সময়ে এই দুটির মধ্যে ১ শতাংশের মতো পার্থক্য থাকে।