মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে ঘাটতি অর্থায়ন হবে
মূল্যস্ফীতির ঝুঁকি সত্ত্বেও ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে ঘাটতি অর্থায়নে ব্যাংক-ব্যবস্থা থেকে অধিক হারে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী অবশ্য আগামী অর্থবছরে মূল্যস্ফীতির বার্ষিক গড় হার সাড়ে ৬ শতাংশের মধ্যে রাখার বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী যে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন, তাতে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ৩৯ হাজার ৩২৩ কোটি টাকা। এটি সার্বিকভাবে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৫ শতাংশ।ঘাটতি অর্থায়নে অভ্যন্তরীণ উেসর মধ্যে ব্যাংক-ব্যবস্থা থেকে সরকার ১৫ হাজার ৬৮০ কোটি টাকা ঋণ করতে চায়, যা কিনা জিডিপির ২ শতাংশ। আর ব্যাংকবহির্ভূত খাত থেকে নেওয়া হবে আট হাজার কোটি টাকা, যার সিংহভাগই আসবে বিভিন্ন ধরনের জাতীয় সঞ্চয়পত্র বিক্রি করে।অর্থমন্ত্রী অবশ্য এও বলেছেন, ‘ঘাটতি অর্থায়নে এবারও আমরা সহজ শর্তে স্বল্প সুদের বৈদেশিক উত্সকে গুরুত্ব দিয়েছি।’আগামী অর্থবছর বিদেশি ঋণ ও অনুদান মিলিয়ে মোট ১৫ হাজার ৬৪৩ কোটি টাকা নেওয়া হবে ঘাটতি অর্থায়নের জন্য। এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ১০ হাজার ৮৩৪ কোটি টাকা।ঘাটতি অর্থায়নের এই পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি পরিচালনাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে জানান, এমনিতেই মূল্যস্ফীতির চাপ আছে। সরকার অধিক হারে ব্যাংক থেকে ঋণ নিলে সে চাপ আরেকটু বাড়তে পারে। অন্যদিকে বেসরকারি খাতের চাহিদা বাড়লে তাদের জন্যও ব্যাংকঋণ প্রয়োজন হবে। দুই দিকের ব্যাংকঋণের চাহিদা সমন্বয় করা বাংলাদেশ ব্যাংকের জন্য কঠিন হবে।বাজেট পরিসংখ্যান: প্রস্তাবিত বাজেট চলতি ২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেট অপেক্ষা ১৯ দশমিক ৬০ শতাংশ বেশি। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা, যা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ১৬ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটের আয়তন ছিল এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমেছে তিন হাজার ২৯৬ কোটি টাকা।আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী অনুন্নয়ন-ব্যয় ধার্য করেছেন ৯৩ হাজার ৬৭০ কোটি টাকা। বাকি ৩৮ হাজার ৫০০ কোটি টাকা উন্নয়ন-ব্যয় ধরা হয়েছে।নতুন অর্থবছরে সরকার ৯২ হাজার ৮৪৭ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে, যা জিডিপির ১১ দশমিক ৯ শতাংশ।এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উেস কর ৭২ হাজার ৫৯০ কোটি টাকা, এনবিআর-বহির্ভূত উেস কর তিন হাজার ৪৫২ কোটি টাকা এবং করবহির্ভূত রাজস্ব বাবদ ১৬ হাজার ৮০৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।২০০৯-১০ অর্থবছরের সংশোধিত বাজেট অপেক্ষা আগামী অর্থবছরের অনুন্নয়ন-ব্যয় ও উন্নয়ন-ব্যয় বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ২০ শতাংশ ও ৩৫ দশমিক ১০ শতাংশ।অর্থমন্ত্রী অবশ্য বাজেট বক্তৃতায় বলেছেন, অনুন্নয়নব্যয়ের ১৫ দশমিক ৪ শতাংশ মূলত উন্নয়ন-ব্যয়, যা ব্যয়িত হবে অতিদরিদ্রদের জন্য প্রণীত বিভিন্ন নিরাপত্তাবেষ্টনীমূলক কর্মসূচি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিবহির্ভূত বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে।অর্থমন্ত্রী আরও বলেছেন, এসব উন্নয়ন কর্মসূচি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি মিলে মোট উন্নয়নমূলক ব্যয় দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৮ শতাংশ।চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অনুন্নয়ন-ব্যয় মূল বরাদ্দ ৮৩ হাজার ৩১৯ কোটি থেকে কমিয়ে ৮২ হাজার ২৩ কোটি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ৩০ হাজার ৫০০ কোটি থেকে কমিয়ে ২৮ হাজার ৫০০ কোটি টাকায় আনা হয়েছে।ক্রমাগত ঋণ করে চলায় সরকারের সুদ পরিশোধের দায়ও বাড়বে ভবিষ্যতে। আর তাই বাজেটে মোট ব্যয়ের ১১ শতাংশের ওপর ব্যয় হবে সুদ বাবদ।