মূল্যস্ফীতির তথ্য লুকাতে চায় বিবিএস!
দেশের কর্মসংস্থানের চিত্র আরও নিবিড়ভাবে তুলে আনতে ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ করা হচ্ছে। আগে তিন-চার বছর পর পর এই জরিপ হতো। এখন সারা বছরই এই জরিপ করা হচ্ছে। সেখানে ত্রৈমাসিক হিসাবও দেওয়া হয়।
আবার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব বছরভিত্তিক করা হয়। এখন ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির হিসাব করার পরিকল্পনা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সাম্প্রতিক তথ্য-উপাত্ত নিয়ে তথ্যভান্ডারকে আরও বেশি বিস্তৃত ও বাস্তবভিত্তিক করার জন্যই এসব উদ্যোগ নিয়েছে বিবিএস। এমন অবস্থায় মূল্যস্ফীতি গণনার ক্ষেত্রেই শুধু উল্টো পথে হাঁটছে এই সরকারি প্রতিষ্ঠান। আগে যেখানে মাসওয়ারির ভিত্তিতে মূল্যস্ফীতির হিসাব করে প্রকাশ করা হতো, এখন তা ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে। এর ফলে তিন মাস পর পর পণ্য ও সেবার বাজারদর পরিস্থিতির প্রান্তিকভিত্তিক হিসাব পাওয়া যাচ্ছে। প্রতি মাসেই মূল্যস্ফীতির চিত্র পাওয়া যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের মূল্যস্ফীতির এপ্রিল-জুন প্রান্তিকের তথ্য দেন। সেখানে মাসওয়ারি মূল্যস্ফীতির তথ্য নেই। শুধু এপ্রিল-মে মাসের গড় মূল্যস্ফীতির তথ্য দেওয়া হয়েছে।
আগে প্রতি মাসেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হতো। গত জানুয়ারি মাস থেকে তা বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিবিএস। এরপর তিন মাস বিরতি দিয়ে এপ্রিল মাসে জানুয়ারি-মার্চ প্রান্তিকের তথ্য প্রকাশ করা হয়। তখন ওই তিন মাসের আলাদা মাসওয়ারি তথ্যও দেওয়া হয়। এবার সেই মাসভিত্তিক তথ্যও দেওয়া হয়নি।
মূল্যস্ফীতির তথ্য কেন ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার জানতে চান সাংবাদিকেরা। এর উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য দিলে তা সঠিকভাবে উঠে আসে। প্রতি মাসে প্রকাশ করা হলে প্রকৃত চিত্র উঠে আসে না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করার বিষয়ে একমত নন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সারা বিশ্ব যেখানে ‘হাই ফ্রিকোয়েন্সি’ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে, সেখানে আমরা ‘হাই ফ্রিকোয়েন্সি’ থেকে পিছিয়ে ‘লো ফ্রিকোয়েন্সি’ তথ্য-উপাত্ত প্রকাশ করছি। মূল্যস্ফীতির হিসাবটি যত বেশি সাম্প্রতিক তথ্য-উপাত্তের ভিত্তিতে পাওয়া যাবে, তত বেশি সুচারুভাবে ভালো মুদ্রানীতি গ্রহণ করা সম্ভব। এখন তিন মাস পর পর মূল্যস্ফীতির তথ্য-উপাত্ত প্রকাশ করে মুদ্রানীতি ব্যবস্থাপনার কার্যকারিতা নষ্ট করে ফেলা হচ্ছে।
জাহিদ হোসেন আরও বলেন, মূল্যস্ফীতির তথ্য তো লুকানো সম্ভব নয়। সাধারণ মানুষ প্রতিদিনই বাজারে গিয়ে টের পান, পণ্যের দাম কেমন। ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য-উপাত্ত প্রকাশ করে সরকার নিজের কাছেই তথ্য লুকাচ্ছে। সরকারের নিজেরও তো জানা দরকার মূল্যস্ফীতি পরিস্থিতি কেমন। তাঁর মতে, প্রান্তিক কিংবা প্রতি মাসে নয়; এখন সাপ্তাহিক ভিত্তিতে মূল্যস্ফীতি পরিস্থিতি নজরদারি করার সময় এসেছে।
মূল্যস্ফীতি বেড়েছে
প্রতি মাসের পরিবর্তে প্রান্তিক ভিত্তিতে মূল্যস্ফীতির তথ্য-উপাত্তে দেখা গেছে, মূল্যস্ফীতি টানা তিন প্রান্তিক ধরে বেড়েছে। সর্বশেষ এপ্রিল-জুন প্রান্তিকের হিসাবে, এই তিন মাসের গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৭২ শতাংশ হয়েছে। এর আগের প্রান্তিকে এই হার ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩২ শতাংশ।
তবে অর্থবছরের প্রথম প্রান্তিকে, জুলাই-সেপ্টেম্বরে ৫ দশমিক ৪৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। পুরো অর্থবছরের মধ্যে গত তিন মাসেই সাধারণ সীমিত আয়ের মানুষকে বেশি চাপে ফেলেছে।
শেষ প্রান্তিকে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে গতকাল পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, আগাম বন্যার কারণে চালের দাম বেড়েছে। আবার এই প্রান্তিকে বাজেট পাস হয়েছে। তাই বাজেট উপলক্ষেও কিছু পণ্যের দাম বেড়েছে। মূলত এসব কারণে শেষ প্রান্তিকে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
অন্যদিকে বিবিএসের দেওয়া হিসাবে বলা হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে চাল, গরু ও খাসির মাংস, শাক-সবজি, কাঁচা মরিচ, তেল ইত্যাদি খাদ্যপণ্যের দাম বেড়েছে। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের মধ্যে কাপড়চোপর, গ্যাস-বিদ্যুৎ, বাড়িভাড়া, আসবাবপত্র, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ ইত্যাদির দাম বেড়েছে।
সার্বিকভাবে বিদায়ী অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ। যা আগের বছরের চেয়ে কম। ২০১৫-১৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯২ শতাংশ।