অর্থনীতির জন্য ক্ষতিকর: আকবর আলি খানতেমন কোনো সমস্যা নয়: ফরাসউদ্দিন
মূল্যস্ফীতির প্রভাব নিয়ে বিতর্ক
দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির প্রভাব নিয়ে বিপরীতধর্মী মত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাসউদ্দিন।ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশের (আইসিএবি) আয়োজনে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটের ওপর অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তাঁরা এই বিপরীতধর্মী মত দেন। আইসিএবির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় আইসএবি ভবনের পঞ্চম তলায়প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।ফরাসউদ্দিন মনে করেন, উচ্চ মূল্যস্ফীতি দেশের তেমন কোনো সমস্যা নয়। তিনি বলেন, মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো যেতে পারে। দেখতে হবে প্রবৃদ্ধি কীভাবে টেকসই করা যায়।ভারতের মূল্যস্ফীতির হার ভয়ংকরভাবে ওপরের দিকে উঠছে উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, টাকার অবমূল্যায়ন হলেই গেল গেল রব তোলার অভ্যাস বাদ দেওয়া দরকার।তবে ফরাসউদ্দিনের সঙ্গে দ্বিমত পোষণ করে আকবর আলি খান বলেন, ‘সব সমস্যার মধ্যে বড় হলো উচ্চ মূল্যস্ফীতি। দুর্ভাগ্যজনক হলো, অনেকেই বলেন যে মূল্যস্ফীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভারত-পাকিস্তানের মূল্যস্ফীতির কথা বলে আমাদের মূল্যস্ফীতিকে জায়েজ করা যাবে না। কারণ, আমাদের স্বল্প আয়ের লোকদের জন্য এটা খুবই অস্বস্তিদায়ক।’আকবর আলি খান বলেন, উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য ক্ষতিকর। এতে অনিশ্চয়তা আসে, সুদের হার বাড়ে এবং বিনিয়োগ কমে। তিনি আরও বলেন, ‘সম্প্রতি মূল্যস্ফীতির হার কিছুটা কমে এসেছে। কিন্তু তা কতটুকু মৌসুমি প্রভাবে, তা বুঝতে সময় লাগবে। তবে সামগ্রিক অর্থনীতিতে আমি অশনিসংকেত দেখতে পাচ্ছি।’সব ভর্তুকি খারাপ বলা যাবে না উল্লেখ করে আকবর আলি খান বলেন, বরং আকস্মিক ভর্তুকি প্রত্যাহারের চেষ্টা করলে ফলাফল উল্টো হতে পারে।ভর্তুকি বিষয়ে একটা নীতি থাকা দরকার বলে মনে করেন ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘১৯৯৬-৯৭ সালে কৃষিতে ১০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। হায় রে বিশ্বব্যাংক-আইএমএফের চিৎকার! অথচ, তখন যদি এই ভর্তুকি না দেওয়া হতো, কী যে অবস্থা হতো!’মো. ফরাসউদ্দিন বলেন, কর দেওয়ার যথেষ্ট যোগ্য লোক থাকা সত্ত্বেও সরকার তাঁদের কাছ থেকে তা আদায় করতে পারছে না। এটা প্রশাসনের শক্তিহীনতা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে অবকাঠামো খাতের উন্নয়ন ঘটিয়েছে। দুই বছর ধরে পিপিপি খাতে খালি বরাদ্দই রাখা হচ্ছে। অথচ নীতিমালাই তৈরি হয়নি এখনো। ফলে বরাদ্দ করা টাকা ব্যয় হচ্ছে না।এ কে আজাদ বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) প্রতিষ্ঠানগুলোই খারাপ কোম্পানিকে সার্টিফিকেট দিয়ে বাজারে আসতে সহায়তা করেছে। সাধারণ মানুষের তো এগুলো বোঝার কথা নয়। এ-জাতীয় সিএ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিএবির প্রতি আহ্বান জানান তিনি।পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর চলতি অর্থবছরের ভুলভ্রান্তিগুলো চিহ্নিত করে আগামী বাজেট প্রণয়নের পরামর্শ দেন। তিনি ভর্তুকি বিষয়ে অস্পষ্টতা এড়িয়ে নীতিগত একটি অবস্থানপত্র তৈরির পরামর্শ দেন ।আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীরা ভালো করছে। এভারেস্টে পর্যন্ত উঠছে তারা। কিন্তু তাদের জন্য তহবিল নেই। ক্রীড়া মন্ত্রণালয়ে তাদের জন্য তহবিল ঘাটতি থাকে। নারী সিএদের প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বাজেট এমনভাবে প্রণয়ন করা উচিত, যাতে জিনিসপত্রের দাম না বাড়ে এবং মানুষ স্বস্তিতে থাকতে পারে। গণমাধ্যমকে প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সমাজের দুর্নীতি ও সরকারের গাফিলতি তুলে ধরে গণমাধ্যম। তাই গণমাধ্যমকে যথেষ্ট প্রণোদনা দেওয়া দরকার। একটি পত্রিকা ছাপাতে ২০ টাকা খরচ হয়। আট টাকায় বিক্রি করে শেষ পর্যন্ত হাতে পাওয়া যায় চার টাকা ৫০ পয়সা। পার্থক্যটা বিজ্ঞাপন দিয়ে পূরণ করতে হয়, যা অনেকের পক্ষেই সম্ভব নয়।আলোচনায় আরও অংশ নেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ডিএসইর সভাপতি রকিবুর রহমান, সিএসইর সভাপতি আল মারুফ খান, আইসিএবির সদস্য আব্বাস উদ্দিন খান ও মসিহ মালিক চৌধুরী।