মূল্যস্ফীতির ভাগ বাড়ির মালিক শ্রমিকসহ সবাইকে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার শ্রমিক অসন্তোষের পেছনে দফায় দফায় বাড়িভাড়া বৃদ্ধিসহ মূল্যস্ফীতিকে দায়ী করা হচ্ছে। কিন্তু চাল-ডালের দাম ও বাড়িভাড়া বাড়ার বিষয়টি যদি এককভাবে পোশাকশিল্পের মালিকদের সামাল দিতে বলা হয়, তবে সেটি অন্যায়। এ জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মূল্যস্ফীতির ভাগ বাড়ির মালিক, শ্রমিকসহ সবাইকে কিছু কিছু নিতে হবে।তৈরি পোশাকশিল্পে শ্রম অসন্তোষ থেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি মো. ফজলুল হক। একই সঙ্গে কারখানাগুলোতে শ্রমিক সংগঠন (ট্রেড ইউনিয়ন) থাকলে সাম্প্রতিক বিশৃঙ্খলা এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি।রাজধানীর মতিঝিলে নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাবেক সভাপতি আনিস উদ দৌলা, বর্তমান কার্যকরী কমিটির সদস্য কামরান টি রহমান, গোলাম মাঈনউদ্দিন, মহাসচিব ফারুক আহমেদ প্রমুখ। লিখিত বক্তব্য পাঠ করেন বিইএফের সভাপতি।ফজলুল হক বলেন, শ্রমঘন আশুলিয়ায় পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে ওঠেনি। এই সুযোগের অসৎ ব্যবহার করে বাড়ির মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছেন। তাই বাড়িভাড়া বৃদ্ধি একটি সমস্যা। এটিকে সঠিকভাবে তদারকি করা প্রয়োজন।ফজলুল হক আরও বলেন, মূল্যস্ফীতির এই সময়ে তিন মাস পরপর বেতন বাড়ালে কোনো শিল্পকারখানাই চলতে পারবে না। কারণ, তিন মাস পরপর তো আর কারখানার মালিকদের আয় বাড়ে না।ফজলুল হক বলেন, শ্রমিক সংগঠন করার দাবি আসে বাইরে থেকে। কিন্তু এটা আসার কথা কারখানার শ্রমিকদের কাছ থেকে। তিনি বলেন, অনেকে বলেন, সংগঠন করার দাবি নিয়ে আন্দোলন করলে শ্রমিকদের চাকরি চলে যায়। এটি সত্য নয়। শ্রমিকেরা রাস্তায় বড় আন্দোলন করতে পারলে কারখানার ভেতর সাহস পান না—এটি বিশ্বাসযোগ্য হতে পারে না।ফজলুল হক আরও বলেন, ‘এবারের শ্রমিক অসন্তোষের কোনো যুক্তিসংগত কারণ নেই। ১৩ জুন ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকেরা সুনির্দিষ্ট কোনো দাবি জানাননি। একদিকে তাঁরা আমাদের সঙ্গে বৈঠক করেছেন, অন্যদিকে গোলযোগ হচ্ছিল। তাই আমরা মনে করি, এই অসন্তোষের পেছনে ইন্ধন আছে।’বিইএফের নেতারা বলেন, কারখানা বন্ধ থাকাটা কারও জন্যই সুফল বয়ে আনবে না। তাই মালিকেরা শ্রমিকদের প্রতি সহানুভূতিপূর্ণ মনোভাব নিয়ে সংকট নিরসনে আলোচনা করবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।গতকাল এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ পরই বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আজ বৃহস্পতিবার থেকে আশুলিয়ার সব কারখানা খোলার ঘোষণা দেন।গত সোমবার প্রধানমন্ত্রী ঢাকা ও আশপাশের শিল্প-প্রধান অঞ্চলের শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের কার্ড প্রচলন করার ঘোষণাকে স্বাগত জানিয়ে ফেডারেশনের নেতারা বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। তাঁরা আরও বলেন, আশুলিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে, যেন কেউ ভবিষ্যতে এই শিল্পকে ধ্বংস করতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে না পারে।পোশাকসহ অন্যান্য শিল্প খাতে বিরোধ নিরসনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রচেষ্টার ওপর জোর দিয়ে নেতারা বলেন, ‘বর্তমান সংকট আমাদের সেই পথ সঠিকভাবে চিনতে সহায়তা করবে।’এমসিসিআই: এদিকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইউরোপের আর্থিক সংকটের কারণে দেশের তৈরি পোশাক রপ্তানি ঝুঁকির মধ্যে আছে। কারখানা বন্ধ থাকলে দেশের রপ্তানি বাজার আরও সংকুচিত হতে পারে, যা অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়, পোশাকশ্রমিকেরা ধৈর্য ও সংযমের পরিচয় দেবেন। অধিকার আদায়ে বাস্তবতার ভিত্তিতে গঠনমূলক আলোচনায় অংশ নেবেন। একই সঙ্গে মালিকপক্ষ আইনি কাঠামোর মধ্যে থেকে তাঁদের সব সিদ্ধান্ত নেবে।