মূল্যস্ফীতির ভিত্তিবছর পাল্টাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি হার নির্ধারণে নতুন ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রণয়নের জন্য ভিত্তিবছর পরিবর্তন হচ্ছে। আগামী অর্থবছরের শুরু থেকে অর্থাৎ চলতি বছরের জুলাই মাস থেকে নতুন ভিত্তিবছরে মূল্যস্ফীতি নির্ণয় করা হবে। বর্তমানে ১৯৯৫-৯৬ সালকে ভিত্তিবছর ধরে মূল্যস্ফীতি গণনা করা হয়। নতুন ভিত্তিবছর হবে ২০০৫-০৬। আর ভোক্তা মূল্যসূচকে নতুন নতুন পণ্য ও সেবাও যুক্ত হবে।নতুন ভোক্তা মূল্যসূচক নিয়ে আগামীকাল রোববার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।ভোক্তা মূল্যসূচক (সিপিআই) হলো জীবনযাত্রার ব্যয়সূচক। এই সূচকে থাকা পণ্য ঝুড়ি ধরেই নির্ধারণ করা হয় জীবনযাত্রায় ব্যয় কতটা বেড়েছে বা কমেছে, যা আবার মূল্যস্ফীতির মাধ্যমে প্রকাশ করা হয়।বিবিএসের পরিচালক (জাতীয় হিসাব) আইনুল কবীর প্রথম আলোকে বলেন, বর্তমান ভোক্তা মূল্যসূচকটি ১৯৯৫-৯৬ সালকে ভিত্তি ধরে তৈরি করা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভোক্তা মনোভাবেও পরিবর্তন হয়েছে। যেমন, মানুষের মধ্যে মোবাইল ফোন ব্যবহার ও ফাস্টফুড, বোতলজাত পানি পানের অভ্যাস অনেক বেড়েছে, যা এত দিন হিসাবে আনা হতো না।আইনুল কবীর জানান, নতুন নুতন পণ্য ও সেবা যুক্ত করায় ভারিত্ব সম্প্রসারিত (ওয়েট ডিস্ট্রিবিউটেড) হবে। এতে মূল্যস্ফীতির হার কমে যেতে পারে। আর আগামী অর্থবছর থেকে এই নতুন ভোক্তা মূল্যসূচক অনুযায়ী গণনা করা হলেও তুলনার সুবিধার্থে চলতি অর্থবছরের মাসওয়ারি মূল্যস্ফীতিও পুনরায় গণনা করে তা চূড়ান্ত করা হবে।তবে বিবিএসের এই মতের সঙ্গে কিছুটা দ্বিমত প্রকাশ করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত। তিনি প্রথম আলোকে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। এখন মানুষ খাদ্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্য বেশি ব্যবহার করছে। নতুন সিপিআইয়ে খাদ্যপণ্যের ভার কমে যাবে। আর খাদ্যবহির্ভূত পণ্যসেবার ভার বাড়বে।’ তিনি মত দেন, এক বছর ধরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার বেশি হচ্ছে, তাই নতুন সিপিআইয়ে মূল্যস্ফীতির হার আরও বাড়তে পারে।বিবিএস সূত্রে জানা গেছে, নতুন ভোক্তা মূল্যসূচকে বেশ কিছু নতুন পণ্য বা সেবা যুক্ত হচ্ছে।নতুন সিপিআইয়ের মাধ্যমে মূল্যস্ফীতির হার নির্ধারণে পল্লি এলাকা থেকে মোট ৩১৮টি পণ্য ও সেবার তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে খাদ্যপণ্যে ১৩৩টি ও খাদ্যবহির্ভূত ১৮৫টি পণ্য। বর্তমানে পল্লি এলাকা থেকে ২১৫টি পণ্য ও সেবাপণ্যের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০৬টি খাদ্যপণ্য আর বাকি ১০৯টি খাদ্যবহির্ভূত।একইভাবে নতুন সিপিআইয়ে শহর এলাকা থেকে মোট ৪২২টি পণ্য ও সেবার তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে খাদ্যপণ্য ১৫১টি আর খাদ্যবহির্ভূত ২৭১টি পণ্য ও সেবা। বর্তমান সিপিআইয়ে শহর থেকে ৩০২টি পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ১১৩টি খাদ্যপণ্য আর বাকি ১৮৯টি খাদ্যবহির্ভূত পণ্য বা সেবা।২০০৫-০৬ ভিত্তিবছরে যেসব পণ্য নতুন করে সিপিআইয়ে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আতপ চাল, সাদা রুটি, বিস্কুট, প্যাকেটজাত বিস্কুট, নুড্লস, পটেটো চিপস্, পাঙাশ, তেলাপিয়া, সিলভার কার্প, গরুর কলিজা, গাজর, কাঁকরোল, পামওয়েল, চকলেট ড্রিংকস, ট্যাংক, মাশরুম, খাঁটি মধু, হট টমেটো সস, বোতলজাত পানি, তাজা ফলের রস, মোবাইল ফোন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইত্যাদি। সিপিআইয়ের মাধ্যমে মাসওয়ারি মূল্যস্ফীতির হার নির্ধারণে প্রতিটি জেলার একটি করে শহর ও পল্লি এলাকার বিপণিবিতান, হাটবাজার থেকে পণ্য ও সেবাপণ্যের মূল্য সংগ্রহ করা হয়ে থাকে। এ জন্য ৬৪ জেলার ৬৪টি পল্লি ও ৬৪ শহরের বিপণিবিতান, হাটবাজার নির্ধারণ করে রেখেছে। আর প্রতিটি বিপণিবিতান ও হাটের তিনটি করে দোকান নির্বাচন করা আছে। আঞ্চলিক বা উপজেলা পরিসংখ্যান অফিস এসব নির্ধারিত স্থান থেকে সংশ্লিষ্ট পণ্য ও সেবার মূল্য সংগ্রহ করে। আর প্রতি মাসের ২৪ তারিখের মধ্যে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিবিএসে পাঠানো হয়। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মূল্যস্ফীতির হার চূড়ান্ত করা হয়। বিদ্যমান সিপিআইয়ে শহর এলাকায় খাদ্যবহির্ভূত পণ্যসেবার ভার বা অংশ বেশি। শহর এলাকায় খাদ্যে ভারিত্ব ৪৮ দশমিক ৮০, খাদ্যবহির্ভূত পণ্যে ৫১ দশমিক ২০। আবার গ্রাম এলাকায় এর বিপরীত চিত্র। এখানে খাদ্যপণ্যে ভার ৬২ দশমিক ৯৬, খাদ্যবহির্ভূত পণ্যে ৩৭ দশমিক ০৪। নতুন সিপিআইয়ের ভিত্তিবছর প্রণয়নে বিবিএসকে সমীক্ষা করতে সহায়তা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০০৮ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত এই সমীক্ষা কার্যক্রম চলে। তার আগে ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের জুন মাস পর্যন্ত সময়কালের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।