মূল্যস্ফীতির সঙ্গে নিয়মিতভাবে মজুরি সমন্বয় করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বোর্ড পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ঘোষণা করেছে। এতে দৃশ্যত মজুরি বেড়েছে ৮০ দশমিক ৪৫ শতাংশ। তবে প্রকৃত বাড়ার হার ৪৪ দশমিক ৩৬ শতাংশ। আর যদি বছরে ৬ শতাংশ হারেও মূল্যস্ফীতি ঘটে তাহলে আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে বর্তমানের ঘোষিত ন্যূনতম মজুরি প্রকৃত ন্যূনতম মজুরির চেয়েও কমে যাবে। ফলে শ্রম অসন্তোষের আশঙ্কা থেকে যাচ্ছে। এই বাস্তবতায় মজুরির বিষয়টি সবসময় মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা উচিত। গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) এক সেমিনারে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইউনূস তাঁর উপস্থাপিত প্রবন্ধে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন না থাকায় মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। তবে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, পোশাকশিল্পের সাম্প্রতিক আন্দোলন ও কারখানা ভাঙচুরের সঙ্গে মজুরি কাঠামোর কোনো সম্পর্ক নেই। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘লক্ষ করলে দেখা যাবে, সাম্প্রতিক সময়ে শ্রম অসন্তোষের নামে যেসব কারখানায় ভাঙচুর চালানো হয়েছে, সেগুলোর বেশির ভাগই ভালো। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোতেই শ্রমিকদের ঘোষিত মজুরির চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়। তার পরও বেছে বেছে এসব কারখানাগুলোতেই ভাঙচুর চালানো হচ্ছে। এতেই মনে হয়, ভাঙচুরের উদ্দেশ্য কেবল মজুরি বাড়ানো নয়।’‘সাম্প্রতিক দশকে বাংলাদেশ, কম্বোডিয়া ও কেনিয়ার তৈরি পোশাকশিল্পের তুলনামূলক অবস্থা’ শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বিআইডিএস, জাপানের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস (আইডিই) এবং জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো)। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক রুশিদান ইসলাম রহমান। এতে ‘বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক অবস্থা’ এবং ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প কীভাবে গত দশকের চ্যালেঞ্জ মোকাবিলা করছে—কম্বোডিয়া ও কেনিয়ার সঙ্গে তুলনা’ শিরোনামে পৃথক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধটি উপস্থাপন করেন বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক মোহাম্মদ ইউনূস। দ্বিতীয়টি দলগতভাবে উপস্থাপন করেন জাপান সরকারের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকসের (আইডিই) প্রতিনিধি ইয়োকো আসুয়ামা, তাকাহিরো ফুকুনিশি ও তাৎসুফুমি ইয়ামাগাটা। সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সংগঠন দুটির কোনো প্রতিনিধি সেমিনারে অংশ নেননি। মোহাম্মদ ইউনূসের প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা ২৫ ডলারেরও কম ন্যূনতম মজুরি পেয়ে থাকেন। পোশাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে যা সর্বনিম্ন। পার্শ্ববর্তী দেশ ভারতে শুরুতেই একজন পোশাকশ্রমিক ১৩৫ ডলার ন্যূনতম মজুরি পেয়ে থাকেন। ভিয়েতনাম ও চীনে এ মজুরিহার যথাক্রমে ১০১ ও ২১৭ ডলারের মতো। দ্বিতীয় প্রবন্ধে বলা হয়, তিন দেশের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের মজুরি সবচেয়ে কম। প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকেও এখানকার শ্রমিকেরা পিছিয়ে রয়েছেন। দেশটির মাত্র ৩১ শতাংশের মতো শ্রমিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেন। কিন্তু কম্বোডিয়ায় এ হার ৭৫ শতাংশের বেশি। আর কেনিয়ায় ইপিজেড এলাকায় ৭৭ শতাংশের ওপর শ্রমিক প্রশিক্ষিত। প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে ঘোষিত মজুরি কাঠামো পরিবর্তন সম্ভব। তবে এটাও দেখতে হবে, যাঁরা বেতন দেবেন, তাঁদের সেই ক্ষমতা রয়েছে কি না। তিনি বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বব্যাপী তৈরি পোশাকের চাহিদা ও দাম কমেছে। ফলে কমেছে পোশাকশিল্পের মুনাফা। যখন একটি শিল্পের মুনাফা কমে, তখন মজুরি বাড়ানো হলে তা দেওয়াটাও কঠিন হয়ে পড়ে। মসিউর রহমান শ্রম অসন্তোষের কারণ হিসেবে ট্রেড ইউনিয়নগুলোর নীতি-দুর্বলতা ও রাজনৈতিক দলগুলোর সম্পর্কের ভিত্তি নষ্ট হয়ে যাওয়াকেও দায়ী করেন। তিনি বলেন, আগে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে রাজনৈতিক দলের সুসম্পর্কের কারণে অনেক কিছু নিয়ন্ত্রণ সহজ হতো। এক প্রশ্নের জবাবে জেট্রোর তাকাশি সুজুকি বলেন, মাথাপিছু আয় কাছাকাছি থাকায় কম্বোডিয়া, কেনিয়া ও বাংলাদেশের পোশাকশিল্পের ওপর গবেষণা করা হয়েছে। তিন দেশের মধ্যে রপ্তানি আয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও দেশটির শ্রমিকেরা তুলনামূলক কম মজুরি পান। একই সঙ্গে এখানকার শ্রমিকদের দক্ষতাও অপর দেশ দুটি থেকে তুলনামূলক কম।