মূল্যস্ফীতির হার এখনো লক্ষ্যমাত্রার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের ১১ মাসের (জুলাই থেকে ২০১৩ মে পর্যন্ত সময়ে) গড় মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ।এই পরিসংখ্যান অবশ্য পুরোনো ভিত্তি বছরে (১৯৯৫-৯৬ অর্থবছর)। ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে (নতুন ভিত্তি বছর) ধরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ।মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে থাকবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, জুন মাসের হিসাব এখনো বাকি। আবার বাজেট ঘোষণার পর কিছু নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। আর সেটা হবে জুন মাসেই। ফলে তার প্রভাব থাকবে সার্বিক মূল্যস্ফীতির ওপরেই।এই অবস্থায় গত বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমরা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছি।’ এই অবস্থায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে সীমিত রাখতে সক্ষম হবেন বলে মনে করেন অর্থমন্ত্রী।বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার সকালে বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এ উপলক্ষে বিবিএসের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গড় মূল্যস্ফীতির এই পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তির বলে মনে করছে বিবিএস। কারণ, গত অর্থবছরের (২০১১-১২) প্রথম ১১ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা বলেন, খাদ্যপণ্যের দাম, বিশেষ করে চালের দাম কমার কারণে এপ্রিলের তুলনায় মে মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। আবার শাকসবজিসহ অন্যান্য পণ্যের দামও কিছুটা কমেছে।নতুন ভিত্তি বছরের হিসাবে মূল্যস্ফীতির তথ্যে দেখা যাচ্ছে, মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৯৮ শতাংশ। এপ্রিলে এই হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। আর পুরোনো ভিত্তি বছরের হিসাবে, মে মাসে মূল্যস্ফীতির ৭ দশমিক ৮৬ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ।