মূল্যস্ফীতির হার দুই অঙ্কে ওঠার আশঙ্কা
বর্তমান ধারা অব্যাহত থাকলে দেশের জাতীয় মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে উন্নীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ।প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির পেছনে খাদ্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতিই প্রধান কারণ। প্রতিষ্ঠানটি হিসাব দিয়ে বলেছে, ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্যমূল্য বৃদ্ধির গড় হার ছিল ১ দশমিক ৬৩ শতাংশ। এই হার অব্যাহত থাকলে জাতীয় গড় মূল্যস্ফীতির হার দুই অঙ্কে দাঁড়াতে পারে। গত রোববার উন্নয়ন অন্বেষণের মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, যদি সরকারি পর্যায়ে দ্রুত ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হয়, খাদ্য সরবরাহ যদি না বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়া অব্যাহত থাকে, তাহলে চলতি অর্থবছর শেষে অর্থাৎ ২০১১ সালের জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ৭১ শতাংশে উন্নীত হবে। এটি বার্ষিক গড় হিসাবে। আর একই সময়ে খাদ্যের মূল্যস্ফীতির হার গিয়ে দাঁড়াতে পারে ১২ দশমিক ৮৪ শতাংশে।উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুসারে, চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল ১১ শতাংশ।