মূল্যস্ফীতির হার নিম্নগামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মূল্যস্ফীতির হার নিম্নগামী পর্যায়ে রয়েছে। নতুন ও পুরোনো দুই ভিত্তি বছরে নির্ণীত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুসারে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার আগস্ট মাসের চেয়ে কমেছে।১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে নির্ণীত মূল্যস্ফীতির হার সেপ্টেম্বর মাসে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশে। আগস্ট মাসে এই হার ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ। আর নতুন ভিত্তি বছরে (২০০৫-০৬) সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৯৬ শতাংশে নেমে এনেছে, যা কিনা আগস্ট মাসে ছিল ৪ দশমিক ৯৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির পসিংখ্যান প্রকাশ করে। বিবিএস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, উপমহাপরিচালক মিজানুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে আটা, ডাল, মাছ, ডিম, শাক-সবজি, ভোজ্যতেল, দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম কিছুটা বেড়েছে। ফলে সামগ্রিকভাবে খাদ্যপণ্যে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক শূন্য ২ শতাংশ। একইভাবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ৮২ শতাংশ। পরিধেয় বস্ত্রের দাম, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালির খরচ, পরিবহন ব্যয় ইত্যাদি বেড়ে যাওয়ার প্রভাবে এ অবস্থা দেখা দিয়েছে। বিবিএসের হিসাবমতে, ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে গত সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার ৯ দশমিক ৯৫ শতাংশ। তবে এই দুটি উপখাতেই মূল্যস্ফীতি আগের মাসগুলোর তুলনায় কমেছে। অন্যদিকে ২০০৫-০৬ ভিত্তি বছর ধরে সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার ১০ দশমিক ১৮ শতাংশ। একইভাবে দুই ভিত্তি বছরেই সেপ্টেম্বর মাসে গ্রামের চেয়ে শহর এলাকার মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়েছে। ১৯৯৫-৯৬ ভিত্তি বছর ধরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৫৩ শতাংশ। আর গ্রামে এই হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এদিকে ২০০৫-০৬ ভিত্তি বছরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯৩ শতাংশ। আর গ্রামে এই হার ৪ দশমিক ৪৬ শতাংশ। বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে অক্টোবর মাসেই মূল্যস্ফীতি বাড়তে পারে। তবে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে গত বছরের তুলনায় এবার মূল্যস্ফীতি কমেছে।’