দেশে মূল্যস্ফীতির হার আরও নিম্নমুখী হয়েছে। এপ্রিল মাসের চেয়ে মে মাসে সাধারণ, খাদ্য ও খাদ্যবহির্ভূত— সবগুলো ভোক্তা মূল্যসূচকেই মূল্যস্ফীতির হার কমেছে।পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে সাধারণ সূচকে মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ৯ দশমিক ৯৩ শতাংশ। একইভাবে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে যথাক্রমে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ১২ দশমিক ৭২ শতাংশ। এপ্রিলে এ দুটি খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৮ দশমিক ১২ এবং ১৩ দশমিক ৭৭ শতাংশ।রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় দুই অঙ্কের কোঠায় থাকার পর গত এপ্রিলে মূল্যস্ফীতির হার এক অঙ্কের ঘরে নেমে আসে।বিবিএস বলছে, ২০১১ সালের জুন থেকে এ বছরের মে পর্যন্ত মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭৬ শতাংশ। যদিও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বাজেট বক্তৃতায় চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিলেন।বিবিএসের হিসাবে, গ্রামে মূল্যস্ফীতির হার এখন ৮ দশমিক ৩৮ শতাংশ। গত মাসে তা ছিল ৯ দশমিক ২১ শতাংশ। মে মাসে গ্রামে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০ এবং ১২ দশমিক ৮২ শতাংশ। এপ্রিলে এ হার ছিল যথাক্রমে ৭ দশমিক শূন্য ১ এবং ১৩ দশমিক ৯৭ শতাংশ।একইভাবে শহরে মূল্যস্ফীতির হার এখন ১১ দশমিক ১২ শতাংশ। গত মাসে তা ছিল ১১ দশমিক ৭৭ শতাংশ। মে মাসে শহরে খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় যথাক্রমে ১০ দশমিক ১৭ এবং ১২ দশমিক ৪৪ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ১০ দশমিক ৭২ এবং ১৩ দশমিক ২৫ শতাংশ।সংবাদ সম্মেলনে ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) প্রশাসক ও বিবিএসের বিদায়ী মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বলেন, ‘চাল, আটা, চিনি ও অন্যান্য খাদ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতি গত মাসের তুলনায় প্রায় ১ শতাংশ কমেছে। পয়েন্ট টু পয়েন্টভিত্তিতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমলেও গত মাসের চেয়ে এ খাতে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক শূন্য ৩ শতাংশ।’সংবাদ সম্মেলনে জানানো হয়, মে মাসে জাতীয় মজুরিহার বেড়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ। উৎপাদনশীল খাত, কৃষি, নির্মাণ ও মৎস্য—এই চার খাতের মজুরির হিসাব থেকে জাতীয় মজুরিহার নির্ধারণ করে বিবিএস।শাহজাহান আলী মোল্লা বলেন, মজুরি বাড়ার কারণে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। সে কারণে মূল্যস্ফীতির চাপ আগের চেয়ে কমেছে। যেহেতু মূল্যস্ফীতি আগের চেয়ে কমেছে এবং একই সঙ্গে মজুরির হারও বেড়েছে তাই মূল্যস্ফীতির এ হার সহনীয় পর্যায়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।