মূল্যস্ফীতির হার সামান্য কমেছে ফেব্রুয়ারিতে

ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। মাসওয়ারি হিসাবে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৪ শতাংশ। আর জানুয়ারি মাসে এ হার ছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে এ সময়ে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যপণ্যে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে ৮ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। আর খাদ্যবহির্ভূত পণ্যে এ হার হলো ৫ দশমিক ৩৭ শতাংশ, যা আগের মাসের চেয়ে দশমিক ১৬ শতাংশ কম।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতির সামগ্রিক পরিস্থিতি প্রকাশ করে। এ উপলক্ষে আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা কামাল বলেন, বেসরকারি খাতে ভোগ্যপণ্য উৎপাদন ব্যয় বেড়েছে। তাই এর প্রভাব পড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে। তিনি মনে করেন, বর্তমানে মূল্যস্ফীতির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।
উল্লেখ্য, চলতি ২০১৩-১৪ অর্থবছরের মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে আটকে রাখতে চায় সরকার।
মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে বিবিএস বলছে, মূলত চাল, ডাল, আটা, মাছ, মাংস, ভোজ্যতেল, দুধ ও তামাকজাতীয় পণ্যে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ২৪ শতাংশ। আর একই সময়ে পরিধেয় বস্ত্রাধি, বাড়ি ভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা-উপকরণসহ অন্যান্য খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ১৪ শতাংশ।
তবে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতি অভিঘাত বেশি। মূল্যস্ফীতির চাপ বেশি গ্রামের মানুষের ওপর। গত ফেব্রুয়ারি মাসে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৯৭ শতাংশ। আর গ্রামে এ হার ৭ দশমিক ১৭ শতাংশ। তবে আশঙ্কার বিষয় হলো, শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রায় দুই অঙ্কের ঘরে—৯ দশমিক ৮৪ শতাংশ।
আর গ্রামাঞ্চলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৮ দশমিক ৪২ শতাংশ হয়েছে।
একইভাবে খাদ্য বহির্ভূত পণ্য কিনতে গিয়ে গ্রামের চেয়ে শহরের মানুষকে তুলনামূলক বেশি খরচ করতে হয়েছে।শহরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৫ দশমিক ৯৯ শতাংশ হয়েছে।
অন্যদিকে গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ দশমিক ৯২ শতাংশ।
তবে মাসওয়ারি মজুরি বৃদ্ধির হারও প্রকাশ করেছে বিবিএস। তাতে দেখা গেছে, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে আগের বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় জাতীয় মজুরি বেড়েছে ৯ দশমিক ২৩ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে বেশি। আর গত জানুয়ারি মাসে এই মজুরি বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ।