
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। তিনি নতুন মূসক আইন, করপোরেট কর, কালোটাকা সাদা করাসহ বাজেটের বিভিন্ন দিক নিয়ে গতকাল শনিবার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।
প্রথম আলো: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ীরা কেন আপত্তি জানাচ্ছেন?
আসিফ ইব্রাহিম: যত দিন পর্যন্ত ব্যবসায়ীরা প্রস্তুত হতে পারবেন না, তত দিন এ আইন বাস্তবায়ন করা উচিত হবে না। আমি মনে করি, এ আইনের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়া উচিত। এর মধ্যে ব্যবসায়ীরা আইনটির বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে প্রস্তুতি নিতে পারবেন। ব্যবসায়ীদের রাজস্ব দিতে আপত্তি নেই। কিন্তু তাঁদের সক্ষমতাও বিবেচনা করতে হবে। প্যাকেজ মূসক-ব্যবস্থা বহাল রাখা উচিত। কেননা, প্যাকেজ মূসক দেন এমন ছোট ব্যবসায়ীদের হিসাব রাখার মতো সক্ষমতা তৈরি হয়নি।
প্রথম আলো: আমদানি পর্যায়ে প্রায় বারো শ পণ্যের ওপর সম্পূরক শুল্ক উঠে যাচ্ছে। এতে স্থানীয় শিল্প বিপাকে পড়তে পারে?
আসিফ ইব্রাহিম: বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে আমাদের অংশীদারত্বের অংশ হিসেবে ক্রমান্বয়ে সম্পূরক শুল্ক উঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে হবে, দেশীয় শিল্প প্রতিযোগিতায় টিকে থাকার মতো সক্ষমতা তৈরি হয়েছে কি না। আমার মতে, এখনো তা হয়নি। যখন স্থানীয় শিল্পে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা তৈরি হবে, তখনই কেবল সম্পূরক শুল্ক উঠিয়ে নিতে ব্যবসায়ীদের আপত্তি থাকবে না। স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়াতে ইতিমধ্যে সরকার ও ব্যবসায়ীরা কাজ করছেন।
প্রথম আলো: করপোরেট কর হার কমানো নিয়েও তো ব্যবসায়ীদের দাবি আছে?
আসিফ ইব্রাহিম: বাংলাদেশে করপোরেট কর হার অনেক বেশি। এটি পুনর্নির্ধারণ করা উচিত। চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোয় এই কর বাংলাদেশের চেয়ে কম। ওই সব দেশের সঙ্গে সমন্বয় রেখে করপোরেট কর নির্ধারণ করা উচিত।
প্রথম আলো: কালোটাকা সাদা করার সুযোগ রাখা উচিত?
আসিফ ইব্রাহিম: আবাসনের মতো একটি নির্দিষ্ট খাতে কালোটাকা সাদা করার সুযোগ দিলে বেশি লাভ হবে না। সার্বিক অর্থনীতির স্বার্থে বিষয়টি দেখতে হবে। ভারতেও এখন নির্দিষ্ট সময় বেঁধে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। তাই বিনিয়োগ হয় এমন সব খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত। এতে স্থানীয় বেসরকারি বিনিয়োগের ঘাটতিও কিছুটা পূরণ হবে।
প্রথম আলো: বিনিয়োগ বাড়ছে না, অথচ দেশ থেকে টাকা পাচার তো বাড়ছে?
আসিফ ইব্রাহিম: পুরো বিষয়টি সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত অবস্থায় আছে। তাই যেসব প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগ করতে সক্ষম, তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের ব্যাংকিং খাত বেশ দুর্বল। অনেকে ঋণ নিয়ে ফেরত দেননি বলেই এ অবস্থা। তাই যেসব প্রতিষ্ঠানের ঋণ নিয়ে তা ফেরত দেওয়া; ব্যবসায় পারদর্শিতা ভালো—এমন প্রতিষ্ঠানের তালিকা করতে পারে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক। তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া যেতে পারে। এতে টাকা পাচারের প্রবণতা কমে যাবে।
সাক্ষাৎকারটি নিয়েছেন জাহাঙ্গীর শাহ্