নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে ব্যবসায়ী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি যুক্তিতর্ক হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন মূসক আইনে তাঁদের মতের প্রতিফলন হয়নি। ঢালাওভাবে সব পণ্য বা সেবায় ১৫ শতাংশ মূসক আদায় করা হলে উপকরণ রেয়াত পাওয়া যাবে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্যাকেজ মূসকব্যবস্থা না থাকায় হয়রানির আশঙ্কা রয়েছে। এ ছাড়া ব্যাংক হিসাব ও সম্পদ জব্দের মতো ক্ষমতা দেওয়ায় মূসক কর্মকর্তারা এর অপব্যবহার করতে পারেন।
তবে এনবিআর ও আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে মূসক আইন নিয়ে একাধিকবার সভা হয়েছে। আর হয়রানিমুক্ত ব্যবসাবান্ধব মূসকব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্যেই এ আইন করা হয়েছে।
গতকাল বুধবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে এমন পরস্পরবিরোধী বক্তব্য দেয় দুই পক্ষ। গুলশানের এক হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনটি আগামী জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আইনটি সংসদে পাস হওয়ার পর ব্যবসায়ীরা তা সংশোধনের জন্য দাবি করে আসছেন। নতুন আইনে ঢালাওভাবে ১৫ শতাংশ মূসক আরোপ, প্যাকেজ মূসক প্রথা ও সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপ বিলুপ্ত, স্বয়ংক্রিয় ব্যবস্থার মূসক বিবরণী ও মূসক পরিশোধের ব্যবস্থা চালু, মূসক কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
পাল্টাপাল্টি বক্তব্য: সভার শুরুতে এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন আইনের খসড়া নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১১টি পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। সেসব সভায় দেওয়া ব্যবসায়ীদের মতামত যতটা সম্ভব আইনে সন্নিবেশিত করা হয়েছে। এনবিআরের সমীক্ষায় দেখা গেছে, সংকুচিত ভিত্তিমূল্যে যে পরিমাণ কর দিতে হয়, নতুন আইনে উপকরণ রেয়াত-সুবিধা নেওয়ার পর ব্যবসায়ীদের সেই পরিমাণই কর দিতে হবে। আর স্বয়ংক্রিয় ব্যবস্থায় কর দেওয়া হলে হয়রানি বন্ধ হয়ে যাবে।
মূসক আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে রাজনৈতিক কারণে বিদ্যমান আইনটি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে নতুন আইন করা ছাড়া এখন আর কোণো উপায় নেই। সারা দুনিয়ায় এখন হিসাবভিত্তিক মূসক নির্ধারণ করা হয়। কেননা, আধুনিক যুগে কাগজপত্র দেখে কর ফাঁকি ধরতে হয়। রাস্তায় ট্রাক আটকিয়ে কর ফাঁকি ধরা সম্ভব নয়। এ জন্য সংকুচিত ভিত্তিমূল্যে মূসক আরোপ ও প্যাকেজ মূসক প্রথা উঠিয়ে দেওয়া হয়েছে।
তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, ‘যারা এ আইন প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা নিঃসন্দেহে এ আইনের পক্ষেই বলবেন। এখন ওনারা বলেন, পরামর্শক সভায় ওমুক ব্যবসায়ী ছিলেন। কিন্তু দেখতে হবে, তাঁদের কথা আইনে রাখা হয়েছে কি না। ব্যবসায়ীদের কথা শুনতে হবে, তাঁদের কথা একটাও রাখবেন না, তা হয় না।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছ থেকে টাকা নেবেন, তাই ভালো কথা বলেই নিতে হবে। আমরা কর দিতে চাই, কিন্তু অত্যাচারিত হতে চাই না। প্যাকেজ মূসক কীভাবে রাখবেন, সেটা ঠিক করেন। কেননা, আমি বলব দুই লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে, আর মূসকের কর্মকর্তারা বলবেন পাঁচ লাখ টাকার বিক্রি হয়েছে।’
ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিক সমিতির সভাপতি আলী জামান বলেন, মূল্য সংযোজন নির্ধারণের সুযোগ না থাকার প্রেক্ষাপটে বিদ্যমান আইনে (আগের আইনে) সংকুচিত ভিত্তিমূল্যের মূসক হার নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমরা তো কাঁচামাল আমদানি করতে পারি না, সামর্থ্যও নেই। তাই মৌলভীবাজারের মতো এলাকা থেকে কাঁচামাল কিনতে হয়, যার রসিদ মানে না এনবিআর।
এফবিসিসিআইয়ের প্রতিনিধি এম আই সিদ্দিক মনে করেন, হিসাবের দলিলাদি সংরক্ষণের সুযোগ না থাকায় প্যাকেজ মূসক প্রথা চালু রাখা দরকার।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মূসক একধরনের ভোক্তা কর। ভোক্তারা তো কিছু বলছেন না। তবে ব্যবসায়ীরা কেন এত ভয় পান?
মূসক হার কমানোর সুপারিশ: সাবেক তত্ত্বাবধায় সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, ১৫ শতাংশ মূসক হার অন্য দেশের তুলনায় একটু বেশি। যেহেতু নতুন আইন হচ্ছে, তাই এটাই উত্তম সময় মূসক হার আরেকটু কমানোর।
এ মতের পক্ষে সুপারিশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মূসক হার কমানো উচিত। এ ছাড়া চাল, ডাল, লবণ, ভোজ্যতেলের মতো পণ্যে মূসক পুরোপুরি প্রত্যহার করা দরকার।
মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীসহ সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেই মূষক আইন বাস্তবায়ন করা উচিত। ব্যবসায়ীদের প্রস্তুতি কতটা, সেটাও দেখতে হবে। তিনি মনে করেন, কর না দিলে অবকাঠামো তৈরি হবে না। এতে ব্যবসায়ীদের ব্যবসায় ব্যয় বেড়ে যাবে।
সিপিডির সুপারিশ: সিপিডির পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বেশ কিছু সুপারিশ করে বলেন, ব্যবসায়ীসহ সব পক্ষকে সঙ্গে নিয়ে এ আইনটি বাস্তবায়ন করতে হবে। জনগণকে এ আইনের বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে সচেতন করতে হবে। ব্যবসায়ীদেরও যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। তবে যেকোনো পরিবর্তন ধাপে ধাপে করতে হবে। তিনি বলেন, আইনটি চূড়ান্ত করার আগে ব্যবসায়ীরা কী ধরনের সমস্যায় পড়তে পারেন, তা বিবেচনায় আনা উচিত ছিল। এ ছাড়া অর্থনীতিতে নতুন আইনের প্রভাব কেমন পড়বে, তা বিশ্লেষণ করা দরকার।
সংলাপে আরও বক্তব্য দেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, সাবেক সদস্য মোহাম্মদ শাহাবুদ্দীন, বেসরকারি সংস্থা বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা প্রমুখ।