মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আইন বাস্তবায়নের প্রক্রিয়ায় ব্যবসায়ীদের মতামতের প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে আবদুল মাতলুব আহমাদ এ অভিযোগ করেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সভায় আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান সভাপতিত্ব করেন।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, মূসক আইন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি সাতটি বিষয়ে একমত হলেও সেগুলো আইনে যুক্ত করা হয়নি। আইনটি বাস্তবায়নের আগে এসব সিদ্ধান্তকে যুক্ত করার দাবি জানান মাতলুব।
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করা গেলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে। গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭০০ কোটি ডলারের কাছাকাছি, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৫ শতাংশ বেশি।
সভায় আইবিএফবি তার সদস্য বিএসআরএম স্টিল, আবদুল মোনেম লিমিটেড, বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও শেভরন বাংলাদেশকে সম্মাননা দেয়।
বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসেইন আকবরআলী, আবদুল মোনেমের উপব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন মোনেম, বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মজিবর রহমান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এমডি সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি ওমর সাফায়েত কাউসার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্টি স্টেফানি লিন, আইবিএফবি চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব প্রমুখ।