মূসক আইনের কিছু ধারা ন্যায়বিচারের পরিপন্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে রাজস্ব কর্মকর্তাদের সীমাহীন বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা মানবাধিকার লঙ্ঘন এবং প্রচলিত আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল শনিবার নিজস্ব কার্যালয়ে প্রস্তাবিত আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে। ঢাকা চেম্বারের পরিচালকেরা এ সময় উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে চেম্বারের সভাপতি আবুল কাশেম খান বরাবরের মতো গতকালও ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ মূসক হার করা এবং মূসক আইনের ন্যায়বিচারের পরিপন্থী ধারাগুলো পুনর্বিবেচনার দাবি জানান।
আবুল কাশেম খান বলেন, আইনের ৮৩তম পরিচ্ছেদে মূসক ফাঁকি রোধে বা আইনপ্রয়োগের জন্য একজন সহকারী কমিশনারকে কোনো ব্যক্তির বাড়িতে, গাড়িতে ও অফিসে গিয়ে তাঁর নথিপত্র ও ব্যাংক হিসাব অনুসন্ধানের ক্ষমতা দেওয়া হয়েছে। এটা অনেক ক্ষেত্রে মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা-বহির্ভূত।
এ ছাড়া ৯০তম পরিচ্ছেদে বলা হয়েছে, মূসক ফাঁকির ব্যাপারে বা মূসক দিতে দেরি হলে অথবা দৃশ্যমান জায়গায় মূসক ও টার্নওভার করের হিসাব না রাখলে রাজস্ব কর্মকর্তার যদি সন্দেহ হয়, তাহলে প্রতিবারের জন্যই তিনি ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করবেন। আর ৯১তম পরিচ্ছেদে রাজম্ব কর্মকর্তাকে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ব্যাংক হিসাব জব্দ করার ক্ষমতা দেওয়ায় ব্যবসায়ীদের প্রতি হয়রানি বাড়বে—এমন আশঙ্কা প্রকাশ করে আবুল কাশেম খান বলেন, ‘কিছু ব্যবসায়ী ফাঁকি দেয় বলে সবাইকে সন্দেহের দৃষ্টিতে দেখার বন্দোবস্ত করা হয়েছে।’
ঢাকা চেম্বার বলেছে, দেশের কর্মসংস্থানের ৭৫ শতাংশের অবদান ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের (এসএমই) খাতের। সরকার যে সবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, তাতে এসএমই খাতের ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। আর ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ আরোপ হলেই যে অর্ধেক মূসক কম আয় হবে, সরকারের এমন আশঙ্কাও ঠিক নয়।
খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে শূন্য থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনেদেনকে মূসকের বাইরে রাখা এবং ৫০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত ৩ শতাংশ মূসক আরোপের দাবি জানায় ডিসিসিআই। চেম্বারটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) মেশিন সরকারি খরচে প্রত্যেক মূসক নিবন্ধনকারীকে দেওয়ারও দাবি জানায়।
মোট রাজস্বের ৭৮ শতাংশ ঢাকা ও ১১ শতাংশ চট্টগ্রাম অঞ্চল থেকে আদায় হয় উল্লেখ করে আবুল কাশেম খান এই দুই অঞ্চল-নির্ভরতা কমানোর পরামর্শ দেন।
বাজেটে নীতি ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন নিয়ে ঢাকা চেম্বার কিছু প্রস্তাব দেয়। এগুলো হচ্ছে মামলায় আটকে থাকা ৩১ হাজার কোটি টাকা আদায়ে কার্যকর বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) গঠন করা, বন্দর থেকে পণ্য খালাসের সময় চার দিনের পরিবর্তে চার কর্মদিবস করা, সরকারি ব্যয় তদারকের জন্য একটি পর্যালোচনা কমিশন গঠন করা এবং জাতীয় অবকাঠামো উন্নয়ন ও তদারক উপদেষ্টা কর্তৃপক্ষ (এনআইডিএএএ) নামে একটি সংস্থা গঠন করা।
সচিবালয়ে ১৭ এপ্রিলও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়ে দেন, মূসক হার ১৫ শতাংশই থাকবে। পরদিন ১৮ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডও মাঠপর্যায়ের কর কার্যালয়গুলোকে আগামী ১ জুলাই থেকে নতুন হারে মূসক আদায়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়। এই সময়ে আইন সংশোধনের সুযোগ আছে কি না জানতে চাইলে আবুল কাশেম খান বলেন, ‘আছে এবং দাবি আদায়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’
মূসক তো দেন ভোক্তা, ব্যবসায়ীরা শুধু আদায় করে দেন—তাহলে সমস্যা কিসের—এমন প্রশ্নের জবাবে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ‘১৫ শতাংশ মূসক আরোপে মূল্যস্ফীতি বাড়বে, সেটাও আমাদের চিন্তার বিষয়।’