ঢাকা পশ্চিম অঞ্চলের চলতি ২০১৬-১৭ অর্থবছরের মূসক ও শুল্ক আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব বলে জানিয়েছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়। ঢাকার মিরপুরে গত রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা পশ্চিম কমিশনারেট কার্যালয়ের কমিশনার মতিউর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে এ কমিশনারেটের মূল রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩০৫ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে এই কমিশনারেট কার্যালয়ের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৪৫ শতাংশ। সংবাদ সম্মেলনে পশ্চিম কমিশনারেট এলাকার অধীন বিভিন্ন সার্কেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, সাভার, টাঙ্গাইল, জামালপুর জেলা এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
কমিশনার মতিউর রহমান বলেন, ‘ঢাকা পশ্চিম কমিশনারেট রাজস্ব প্রবৃদ্ধি অর্জন আর লক্ষ্যমাত্রা অতিক্রমের ক্ষেত্রে সরকারের রোল মডেল। ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে কখনো ব্যর্থ হইনি। আগের অর্থবছরেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়ে সক্ষম হয়েছি। এই অর্থবছরেও আমরা সেটা করতে পারব বলে আশা করছি।’
লক্ষ্য অর্জনে বেশ কিছু নতুন উদ্যোগের কথা জানিয়ে মতিউর রহমান বলেন, ‘আগামী অর্থবছরে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। মূসক রিটার্ন অনলাইনে জমা দেওয়ার জন্য ব্যবসায়ী-কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামোর সুবিধা নিশ্চিতেও আমরা বেশ এগিয়ে আছি। জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতে প্রত্যেক কর্মকর্তার জন্য জব ডায়েরির ব্যবস্থা করা হয়েছে।’
ঢাকা পশ্চিম কমিশনারেটের গত পাঁচ অর্থবছরে রাজস্ব আদায়ে সাফল্যের চিত্র তুলে ধরে একটি উপস্থাপনা দেন যুগ্ম কমিশনার শামীম আরা বেগম। মূসক ও শুল্ক আদায়ে নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজের তথ্যও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।