মূসক ও আয়করের আওতা বড় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে দেশের প্রধান আয়ের খাত মূল্য সংযোজন কর (মূসক) ও আয়করের আওতা বড় করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের চার কোটি লোক মধ্যবিত্ত। এর মধ্যে আয়করের আওতায় মাত্র ৩০ লাখ লোক। এ সংখ্যা ৪০ লাখে উন্নীত করতে হবে। অন্যদিকে দেশে মূসকদাতা রয়েছেন মাত্র সাড়ে ছয় লাখ। এ সংখ্যা নিয়ে যেতে হবে ৩০ লাখে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘মূল্য সংযোজন কর আইন পরিবর্তন ও বাংলাদেশ কাস্টমস ট্যারিফ যৌক্তিকীকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব বক্তব্য তুলে ধরেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছিলেন বিশেষ অতিথি। সভায় বিদ্যমান মূসক আইন পরিবর্তনের রূপরেখা এবং কাস্টমস ট্যারিফ যৌক্তিকীকরণের ওপর দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অর্থমন্ত্রী বলেন, ‘মূসক একটি জঙ্গলে পরিণত হয়েছে। আর কাস্টমসেও রয়েছে এন্তার সমস্যা। এগুলো দূর করে মূসক ও কাস্টমস দেওয়ার পদ্ধতি কীভাবে সহজ করা যায়, সেই চিন্তা করতে হবে।’ তবে এই পদ্ধতি খুব সহজ না হওয়ার আশঙ্কা থাকলেও ‘কিছুটা সহজ হবেই’ বলে মনে করেন অর্থমন্ত্রী। মসিউর রহমান বলেন, শিল্প সংরক্ষণ করতে গেলে কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ে কি না, বিবেচনায় রাখতে হবে। তবে সংরক্ষণ বেশি মাত্রার হলে আমদানি বেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি। মসিউর রহমান বলেন, মূসকদাতাদের হিসাবপত্র ভালোভাবে পরীক্ষার প্রতি সরকারের দৃষ্টি দিতে হবে। মুক্ত আলোচনায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি এম আনিসউদ্দৌলা বলেন, মূসক এত জটিল হয়ে গেছে যে, সার্বিক পরিবর্তন এখন জরুরি। বিদেশি পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আইন সংশোধন বা সংযোজনে ব্যবসায়ীদের অনেক পরামর্শ রয়েছে। এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, যে নীতিই গ্রহণ করা হোক না কেন, কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি যেন বিবেচনায় থাকে। ট্যারিফ কমিশনকে কার্যকর করার পরামর্শ দিয়ে আইন পরিবর্তনে সংশ্লিষ্ট সবার মত নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। মনজুর আহমেদ আরও বলেন, ‘অনেক সময় রাস্তার লোকও পণ্ডিতদের তুলনায় বাস্তবমুখী পরামর্শ দিতে পারে।’ বারভিডার সভাপতি আবদুল হক বলেন, ‘ট্যারিফ কমিশনকে কাজে লাগানো হচ্ছে না। আর মূসক আইনের পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা সংশোধন করতে হবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে।’ সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, কর সংগ্রহকারীদের সঙ্গে করদাতাদের যে প্রতিদ্বন্দ্বী ভাব রয়েছে, তা কমাতে হবে। তিনি বলেন, কিছু আইন রয়েছে যা শিল্পপতি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে যায়। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, মূসক প্রকৃতপক্ষেই জঙ্গলের মতো হয়ে গেছে। তবে জঙ্গল যেমন উপকারে আসে, আবার তা পরিষ্কারও করতে হয়। যথাযথ গবেষণা ছাড়া যেকোনো আইনের পরিবর্তনের বিপক্ষে মত দেন তিনি।