মূসক কমানোর দাবিতে ধর্মঘট চলছে, দোকানপাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে আজ বুধবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। বন্ধ আছে ঢাকা মহানগরের বেশির ভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

পুরান ঢাকাসহ বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্রগুলোয় সরেজমিনে দেখা গেছে, আজ সব মার্কেট ও দোকান বন্ধ। এর মধ্যে সিদ্দিক বাজার, নাজিরা বাজার, আলু বাজার, নর্থ সাউথ রোড, নবাবপুর রোড, বংশাল, ইংলিশ রোড, সদরঘাট, চকবাজার, নয়াবাজার, পাটুয়াটুলী ও ইসলামপুরের মার্কেট বন্ধ। পুরান ঢাকায় পণ্য ও মার্কেটভিত্তিক ব্যবসায়িক সংগঠন ধর্মঘটের সমর্থনে দোকানের সামনে ব্যানার ঝুলিয়ে রেখেছে। এলাকায় তারা মাইকিংও করছে এবং মূসক কমানোর দাবি জানিয়ে মিছিল বের করেছে।

ব্যবসায়ী ফোরামের নেতারা জানান, তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে কি না। ব্যবসায়ীরা সর্বাত্মকভাবে এই কর্মবিরতি পালন করছেন বলে জানিয়েছেন তাঁরা।

ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব প্রথম আলোকে বলেন, ‘পুরো ঢাকা শহরে এ কর্মসূচি পালিত হচ্ছে।’ আজ সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সামনে গত রোববার এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি দিয়েছিল ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার সংগঠনটির নেতারা জানান, কর্মসূচি পালনে অংশগ্রহণ নিশ্চিত করতে তাঁরা গতকাল দিনভর বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেছেন। দাবি না মানলে বৃহৎ কর্মসূচিতে যাওয়া হবে বলে জানায় ব্যবসায়ী ঐক্য ফোরাম।

নতুন মূসক আইনে প্যাকেজ মূসকব্যবস্থা অন্তর্ভুক্ত করা, মূসকের পরিমাণ কমানো, লেনদেন সীমা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। চলতি বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন মূসক আইনের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দিলেও সর্বনিম্ন প্যাকেজ মূসকের পরিমাণ ঢাকায় ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করেন। পাশাপাশি লেনদেন সীমা ৮০ লাখ টাকা নির্ধারণ করে দেন। এসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আপত্তি করছেন।