মূসক চাপিয়ে দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ব্যবসায়ীদের ওপর একসঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) চাপিয়ে দেবে না বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিনিয়োগে বাধা তৈরি হয়, এমন কিছু আমরা করব না। মূসক আইন বাস্তবায়নের ব্যাপারেও আমরা যত্নবান, সচেতন। এটাকে সঠিকভাবেই আমরা করব। প্রয়োজন হলে আমরা সময় নেব। কিন্তু ব্যবসায়ীদের ওপর একসঙ্গে ১৫ শতাংশ মূসক আমরা চাপিয়ে দেব না।’
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল রোববার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আগামী জুলাই মাস থেকে নতুন মূসক আইন কার্যকর করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।