মূসক দিতে ই-নিবন্ধন লাগবে ব্যবসাপ্রতিষ্ঠানের
দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে অনলাইনে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে। কারণ, নতুন মূসক আইনে এসব প্রতিষ্ঠানের জন্য পুরোনো বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নম্বরের পরিবর্তে ইলেকট্রনিক বা ই-নিবন্ধন নম্বর নেওয়া বাধ্যতামূলক। আইনটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী এপ্রিল মাস থেকে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য ই-নিবন্ধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। ‘ভ্যাট অনলাইন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ নিবন্ধন চলবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআর সূত্রমতে, দেশে ইতিমধ্যে ৮ লাখ ৪০ হাজার প্রতিষ্ঠান বিআইএন নিয়েছে। তবে বছরে মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান মূসক দেয়। এর সিংহভাগই আবার প্যাকেজ মূসকের আওতায় মূসক দেয়। প্যাকেজ মূসক থেকে এনবিআর বছরে গড়ে মাত্র ১০ কোটি টাকার মতো রাজস্ব পায়।
প্রাথমিকভাবে যেসব প্রতিষ্ঠান নিয়মিত মূসক বিবরণী জমা দেয় ও মূসক পরিশোধ করে, তাদেরই ই-নিবন্ধন দেবে এনবিআর। এ জন্য ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মূসক কার্যালয়ে আসতে হবে না। ভ্যাট অনলাইন প্রকল্পের কর্মকর্তারাই ব্যবসায়ীদের নিবন্ধন দিয়ে দেবেন। পরে নতুন নিবন্ধন নম্বর সংশ্লিষ্ট কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা প্রতিষ্ঠানকে নিবন্ধন নম্বর জানিয়ে দেওয়া হবে। এভাবে আগামী ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে বর্তমান ৩২ হাজার মূসক প্রদানকারী প্রতিষ্ঠানকে ই-নিবন্ধন দেওয়া হবে।
আর মে মাস থেকে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য দেশের বিভিন্ন স্থানে কর্মশালার হবে। জুন থেকে নতুন প্রতিষ্ঠানের ই-নিবন্ধন দেওয়া শুরু হবে।
এ বিষয়ে জানতে চাইলে ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, আগামী জুলাই মাস থেকেই ঘরে বসে অনলাইনে মূসক বিবরণী জমা ও কর পরিশোধ করতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এতে হয়রানি কমবে, রাজস্ব আদায়ও বাড়বে।
নতুন মূসক আইনে অনলাইনে মূসক দেওয়া বাধ্যতামূলক। তাই সব প্রতিষ্ঠান প্রতি মাসে অনলাইনে মূসক বিবরণী জমা দেওয়ার পাশাপাশি অর্থ পরিশোধ করতে পারবে। নতুন আইনে, প্যাকেজ মূসক-ব্যবস্থা উঠে যাচ্ছে। তবে বার্ষিক টার্নওভার বা মোট লেনদেন ৮০ লাখ টাকা পর্যন্ত হলে মূসক মওকুফ পাওয়া যাবে।