বিনিয়োগের বাইরে উত্সহীন অর্থ জব্দ করা উচিত: মসিউর রহমান
মূসক দিবসে হয়রানিমুক্ত কর প্রদানের সুযোগ দাবি
দেশের অর্থনীতি গতিশীল রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ব্যবসায়ীরা কর্মকর্তাদের হয়রানি বন্ধ করে কর প্রদানের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন।গতকাল রোববার জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলা হয়। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী।অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, মূসক আদায়ের নামে অত্যাচার বা হয়রানি নয়, করদাতাদের সচেতনতা বাড়াতে হবে। বর্তমান সরকারের উদ্দেশ্য হলো করদাতাবান্ধব পরিবেশ তৈরি করা। অর্থমন্ত্রী আরও বলেন, এই অঞ্চলে কর-জিডিপির অনুপাত বাংলাদেশে সবচেয়ে কম। সরকারের উন্নয়ন করার যে সাধ আছে, তা সাধ্যের চেয়ে বেশি। সরকারের সাধগুলো সাধ্যের মধ্যে আনতে রাজস্ব আদায় বাড়াতে হবে।মুহিতের মতে, ‘দেশসেবায় আমার অবদান’—এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে এনবিআর নানা উদ্যোগ নিয়েছে। এ ছাড়া করদাতাদের সঙ্গে এনবিআরের সম্পর্ক মধুর করতে হবে বলে তিনি মত দেন।কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে মসিউর রহমান বলেন, ‘যে টাকার হিসাব (উত্স) কেউ দিতে পারে না, তা জব্দ করা উচিত।’ তবে তিনি বিনিয়োগের জন্য লগ্নি করা অর্থকে এর বাইরে রাখার পক্ষে মত দেন।মসিউর রহমান আরও বলেন, ‘হরতাল সব কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটায়। রাজনৈতিক বিষয়ে শান্তিপূর্ণ সমাধান না হলে, তবেই হরতাল দেওয়া যেতে পারে।’ তাঁর মতে, যেসব দাবিতে হরতাল দেওয়া হচ্ছে, তা নিয়ে সংসদে এসে কথা বলার সুযোগ রয়েছে। অথচ তা না করে দেশ ও অর্থনীতিকে জিম্মি করে জেদ প্রকাশ করা হচ্ছে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘এনবিআরের কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা রাজস্ব আদায়ে সমস্যা তৈরি করে। তাই বলে আবার সব দোষ এনবিআরের কর্মকর্তাদের, তাও বলব না।’ সরকারি কর্মকর্তাদের সমালোচনা করার আগে ব্যবসায়ীদের নিজেদের সমালোচনা করারও পরামর্শ দেন এ কে আজাদ। এফবিসিআইয়ের সভাপতি আরও বলেন, ‘১০০ টাকা আয় করলে ব্যবসায়ীদের সাড়ে ৬২ টাকা কর দিতে হয়। তার পরও এনবিআরের চেয়ারম্যানের মন ভরে না। একটি দামি গাড়ি চালাব, তারও উপায় নেই। দামি গাড়ির ওপর ৮৫০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।’ তাঁর মতে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী আড়াই বছরে রাজস্ব আদায় দ্বিগুণ করা সম্ভব।হরতালের তীব্র সমালোচনা করে এ কে আজাদ বলেন, হরতালের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য দরকার। একদিন হরতাল হলে বন্দরে ১১ হাজার কনটেইনার জট তৈরি হয়। আর তা স্বাভাবিক করতে ১৫ দিন সময় লাগে। চালান আটকে যাওয়ায় জিনিসপত্রের দাম কমবে না, বরং বাড়বে। সাংসদদের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলের সাংসদেরা সংসদে যান না, নানা বিষয়ে দ্বিমত করেন। কিন্তু শুল্কমুক্ত গাড়ি-সুবিধার বিল সংসদে ওঠানো হলে কেউ আপত্তি করেননি, তখন সবাই একমত হন। অথচ শুল্কমুক্ত গাড়ির সুবিধা দেওয়ায় এক হাজার ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, করদাতাদের হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়। গত দুই বছরে যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, তাতে ব্যবসায়ীদের অবদানই বেশি। তিনি জানান, আগামী বছর থেকে সর্বোচ্চ মূসকদাতার জন্য ‘মূসক কার্ড’ দেওয়া হবে।ব্যবসায়ীদের ক্ষোভ: আলোচনা সভায় প্রশ্ন-উত্তর পর্বে বেশ কয়েকজন ব্যবসায়ী কর কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এই পর্বে বাঙলা কেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএস সিদ্দিকী বলেন, ‘রাজস্ব বোর্ড মূসক চায় না কিংবা নিতে পারে না। এনবিআরের কর্মকর্তারা একধরনের সফরে বের হন—ব্যবসায়ীদের ধরতে, ব্যবসায়ীদের ওপর নানা ধরনের অত্যাচার করতে।’ ব্যবসায়ীদের ‘ধরা’র আগে এনবিআরের কর্মকর্তাদের আত্মসমালোচনা করার পরামর্শ দেন তিনি। বলেন, ‘সব সময় শুধু ব্যবসায়ীদের দুর্নীতির কথা বলেন তাঁরা, কিন্তু নিজেদের দুর্নীতির কথা বলেন না।’ তিনি রাজস্ব কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা খর্ব করার সুপারিশ করেন। বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিসিআই) পরিচালক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘এনবিআরের কর্মকর্তারা যখন ব্যবসায়ীদের চোর হিসেবে মূল্যায়ন করেন, তখন লজ্জাবোধ করি। কিন্তু ব্যবসায়ীরা যদি ২৯ হাজার কোটি টাকা মূসক না দেন, তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হলো কীভাবে?রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ করার দাবি জানান দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান। তিনি বলেন, ‘করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানো হলে রাজস্ব আদায় বাড়বে। ব্যবসায়ীরা এর বিরোধিতা করবেন না।’এই পর্বে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মঞ্জুর আহমেদ, পরিচালক আবদুল হক, সোয়ান ফোম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান প্রমুখ।ঢাকার বাইরে: ‘ আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, মূসক দিবস উপলক্ষে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহযোগিতায় স্থানীয় রাজস্ব বিভাগ গতকাল পঞ্চগড়ের পঞ্চগড় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রা বের করে, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় আলোছায়া সিনেমা হল চত্বরে রাজস্ব কর্মকর্তা আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাশেম প্রধান, আল আহসান হাবীব, জেলা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী রেজাউল করিম রেজা ও প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল বক্তব্য দেন।সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, গতকাল সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সৈয়দপুর কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের সর্বস্তরের ব্যবসায়ী, শিল্পপতি ও সুধীজন যোগ দেন।পরে শহীদ কুদরত-ই-এলাহী সড়ক মোড়ে এক সমাবেশের আয়োজন করা হয়। সৈয়দপুর সার্কেলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সুপারিনটেনডেন্ট এ বি এম আনোয়ারুল বাসেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিল্পপতি সিদ্দিকুল আলম, মোস্তফা কামাল, ব্যবসায়ী নেতা সুলতান খান ঢেনু প্রমুখ।