মূসক দেওয়ার প্রক্রিয়া সহজ করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকার সঙ্গে টেলিভিশন চ্যানেলগুলোর মূল্য সংযোজন করসহ (মূসক) অন্য বিষয়ে সমতা আনার দাবি জানিয়েছে দেশীয় টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

গতকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে চলমান প্রাক্-বাজেট আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনটির নেতারা। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেগুনবাগিচার রাজস্ব ভবনে এ সভা হয়।

সংগঠনটির চেয়ারম্যান ও এনটিভির এমডি মোসাদ্দেক আলী বলেন, ‘দেশি চ্যানেলগুলোকে বিজ্ঞাপনের আয়ের ওপর ১৫ শতাংশ মূসক ও অন্যান্য কর দিতে হয়। বিজ্ঞাপনের অর্থ পাওয়ার আগেই এনবিআরকে মূসকের অর্থ পরিশোধ করতে হয়। এ বিষয়ে এনবিআরের কাজে সমতানীতি প্রত্যাশা করি।’

অ্যাটকোর মহাসচিব ও চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ বলেন, বাংলাদেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলে প্রচুর বিজ্ঞাপন প্রচারিত হলেও তারা কোনো প্রকার রাজস্ব সরকারকে দিচ্ছে না। দেশি চ্যানেলগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এনবিআরকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে টেলিভিশন চ্যানেলগুলোর সমস্যা সমাধানের আশ্বাস দেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান।

আলোচনায় আরও অংশ নেন বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশীদ, এনবিআরের সদস্য পারভেজ ইকবাল ও জাহাঙ্গীর হোসেন।