আমদানি করা রিকন্ডিশন্ড (একবার ব্যবহৃত) গাড়ির ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। এ ছাড়া রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির অনুমোদন চান তাঁরা।
ঢাকার ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন সেন্টারে গতকাল মঙ্গলবার আয়োজিত মূল্য সংযোজন করবিষয়ক (মূসক) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ব্যবসায়ী এসব দাবি জানান।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ।
শহীদুল ইসলাম নামে বারভিডার এক সদস্য বলেন, ‘২৫ বছর ধরে ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে মূসক দিচ্ছেন না। সে জন্য মামলা-মোকদ্দমাসহ অনেক কিছু হয়েছে। এনবিআর যদি রিকন্ডিশন্ড গাড়ির বিক্রয় পর্যায়ের মূসকের পরিবর্তে ৩ হাজার বা ৫ হাজার টাকা শুল্ক নির্ধারণ করে দেয় তাহলে বছরে দেড় হাজার কোটি টাকা রাজস্ব অনায়াসে পেয়ে যায় সরকার।’
আরেক গাড়ি ব্যবসায়ী প্রস্তাব করেন, ‘প্রয়োজনে ৪ শতাংশ অগ্রিম মূসক (এটিভি) আরও ১ শতাংশ বৃদ্ধি করে মোট ৫ শতাংশ করে নেন। তারপরও আমাদের খুচরা পর্যায়ে মূসক দেওয়ার হয়রানি থেকে অব্যাহতি দিন।’
বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘আজকের যুগে কেন চারটি ফরম পূরণ করে মূসক রিটার্ন জমা দিতে হবে। আমরা বলছি, সব ব্যবসায়ী খুচরা পর্যায়ে ভ্যাট দেব। তবে সেটি যেন ব্যবসাবান্ধব পরিবেশে হয়। হয়রানিমুক্ত হয়।’
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মাসুদ সাদিক বলেন, নতুন মূসক আইনে মূসকের পরিবর্তে শুল্ক নির্ধারণের কোনো সুযোগ নেই।
অবশ্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘জুলাই মাসে নতুন মূসক আইন কার্যকর হবে। এতে মূসকের রিটার্ন জমা না দিলে সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। রিটার্ন জমা না দিলে তাঁদের মূসকের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।’
বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ বলেন, ‘গাড়ির ২৬ দশমিক ৬৭ শতাংশ মূল্য সংযোজন ধরে ৪ শতাংশ অগ্রিম মূসক নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবে এতটা মূল্য সংযোজন হয় না। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। তাই এটি সমন্বয় করা প্রয়োজন।’
এনবিআর সদস্য জাহাঙ্গির হোসেন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘খুচরা পর্যায়ে মূসকের সমস্যা আপনারাই সমাধান করতে পারেন। আগে ব্যবসায়ীরা কম মূল্য দেখিয়ে গাড়ি আমদানি করতেন। সে জন্য ১৯৯৫ সাল থেকে জাপানি গাড়ির ইউলো বুক দেখে শুল্কায়ন করা হচ্ছে। ব্যবসায়ীরা যদি এখন সঠিক মূল্য দেখান এবং আমরা যদি তা যাচাই-বাছাই করে দেখি ঠিকঠাক আছে, তাহলে সেভাবেই চলবে। এখন আপনারাই বলুন কোন রাস্তায় যাবেন?’
প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘আমরা সারা দেশে রাজস্ববান্ধব পরিবেশ তৈরি করতে চাই।’ তিনি কর্মশালায় উঠে আসা প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দেন।