মূসক নয়, প্রত্যক্ষ কর জোরদারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) দেশের গরিব ও মধ্যবিত্ত ক্রেতাসাধারণের জন্য নিপীড়নমূলক। দেশের রাজস্ব বাড়াতে বরং প্রত্যক্ষ করের ওপর জোর দেওয়া এবং একই সঙ্গে কর সংগ্রহের প্রক্রিয়ায় সব ধরনের দুর্নীতির অবসান করতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আটটি নাগরিক সংগঠনের নেতারা এই আহ্বান জানান। ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। বক্তব্য দেন অনলাইন নলেজ সোসাইটির প্রদীপ কুমার রায়, সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের জীবনানন্দ জয়ন্ত, জাতীয় শ্রমিক জোটের মেজবাহ উদ্দীন আহমেদ এবং ইক্যুইটিবিডির মোস্তফা কামাল আকন্দ। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী অন্য সংগঠনগুলো হচ্ছে উন্নয়ন ধারা ট্রাস্ট, ভয়েস এবং ডেভেলপমেন্ট সিনার্জি ইনস্টিটিউট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইক্যুইটিবিডির সৈয়দ আমিনুল হক। এতে তিনি বলেন, সংগৃহীত মূসক সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি রয়েছে। এই দুর্নীতির সঙ্গে দেশি-বিদেশি অনেক বড় কোম্পানি জড়িত রয়েছে। দেশের শীর্ষ মূসক প্রদানকারী কোম্পানির তালিকায় কোনো বহুজাতিক কোম্পানির নাম নেই, যারা সেবা বাণিজ্যের মাধ্যমে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ মূসক আদায় করছে। এতে আরও বলা হয়, বাংলাদেশে বর্তমানে মূসকের হার ১৫ শতাংশ পর্যন্ত সেখানে সিঙ্গাপুরে এই হার মাত্র ৫ শতাংশ, থাইল্যান্ডে ৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ১০ শতাংশ ও নিউজিল্যান্ডে ১২ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে গিয়ে বাংলাদেশ এমনকি জীবন ধারনের জন্য নিত্যপ্রয়োজনীয় উপকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষা ইত্যাদি সেবার ওপরও মূসক বসাতে বাধ্য হয়েছে।