মূসক না কমালে লাগাতার ধর্মঘট

মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। গতকাল রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সামনে ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতিসহ কয়েকজন পরিচালক, ফোরামের নেতা এবং বিভিন্ন পণ্য ও এলাকাভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব মূসক কমানোর দাবিতে আগামী বুধবার ঢাকা মহানগরে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তিনি সরকারকে ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, এই সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণ করা না হলে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে।
নতুন মূসক আইনে প্যাকেজ মূসকের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, মূসকের পরিমাণ কমানো, লেনদেনের সীমা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে থেকে আন্দোলন করছেন ব্যবসায়ীরা। এর অংশ হিসেবেই গতকালের কর্মসূচি পালন করা হয়। বেলা তিনটায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা একটা থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে মতিঝিলে জড়ো হতে থাকেন।
সমাবেশে ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ব্যবসায়ীদের এখন পণ্য উৎপাদন ও বিক্রি করার কথা। তার বদলে তাঁরা এখন রাস্তায়। কোনো স্বার্থান্বেষী মহল অথবা সরকারি সংস্থা সরকারকে বিভ্রান্ত করে দেশের উন্নয়নের চাকা স্তব্ধ করে দিতে চাইলে তার পরিণতি ভালো হবে না। তিনি বলেন, মূসক আইন সংশোধনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটি সাতটি বিষয়ে একমত হয়েছিল। তবে আইনে সেই সংশোধনী আসেনি। এতে আস্থার সংকট তৈরি হয়েছে।
ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব প্যাকেজ মূসকের পরিমাণ ২০ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘এ টাকা আমরাই আদায় করে দেব। কিন্তু যারা মূসক দেয়, তাদের ওপর আরও বোঝা চাপাচ্ছে এনবিআর। আর যারা কর দেয় না তাদের কাছ থেকে ঘুষ নিয়ে ছাড় দিচ্ছে।’
ব্যবসায়ীদের মূসক-সংক্রান্ত দাবি নিয়ে এফবিসিসিআই অর্থমন্ত্রী ও এনবিআরের সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে বলে উল্লেখ করে আবু মোতালেব বলেন, অর্থমন্ত্রী এফবিসিসিআইয়ের চিঠির জবাব পর্যন্ত দেননি।
সমাবেশে বড় উপস্থিতি ছিল হস্তচালিত বেকারির মালিকদের সংগঠন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি এবং পাদুকা প্রস্তুতকারক সমিতির অধীন কারখানাগুলোর মালিক ও কর্মচারীদের। চলতি বাজেটে সরকার ১০০ টাকা মূল্যমানের রুটি-বিস্কুট এবং ১২০ টাকা মূল্যমানের হাওয়াই চপ্পল ও অন্যান্য পাদুকার ওপর থেকে মূসক অব্যাহতির সুবিধা তুলে নেওয়া হয়েছে।
এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, হতদরিদ্র মানুষের ওপর সরকার মূসক চাপিয়ে দিয়েছে। রিকশাচালক, দিনমজুরদের কাছ থেকে মূসক আদায় করা দোকানমালিকদের পক্ষে সম্ভব নয়।
সমাবেশে ফোরামের সভাপতি আবদুস সালাম, এফবিসিসিআইয়ের পরিচালক হাবিব উল্লাহ ডন, শফিকুল ইসলাম ভরসা, আমিন হেলালি, নিজামউদ্দিন রাজেশ, খন্দকার রুহুল আমিন, ফোরামের নেতা আলাউদ্দিন মালিক প্রমুখ বক্তব্য দেন। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি, পুরান ঢাকা ব্যবসায়ী ঐক্য পরিষদ, পিভিসি পাইপ প্রস্তুতকারক সমিতি, বাংলাদেশ জরি দোকান ও প্রস্তুতকারক সমিতি, আয়রন অ্যান্ড স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, প্লাস্টিক ব্যবসায়ী সমিতি, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এতে অংশ নেয়।