মূসক না কমালে সোনার দোকান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে সোনা ও রুপার অলংকার বিক্রির ওপর মূল্য সংযোজন কর (মূসক) ৫ শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করাসহ তিনটি দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার থেকে সারা দেশের জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সমিতির কেন্দ্রীয় নেতারা। আগামীকাল ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট উপস্থাপনের একেবারে শেষ মুহূর্তে এসে জুয়েলার্স সমিতি এই আন্দোলনের ঘোষণা দিল।
তার আগে গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি গঙ্গা চরণ মালাকার ও এম এম হান্নান আজাদ, সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান প্রমুখ।
আগামী ২০১৬-১৭ অর্থবছর থেকে ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন এই আইনে পণ্য আমদানি বা উৎপাদন ও খুচরা বিক্রি পর্যায়ে ১৫ শতাংশ হারে মূসক আদায়ের কথা বলা হয়েছে। বর্তমানে সোনা ও রুপার অলংকারের মোট বিক্রয় মূল্যের ৩৩ দশমিক ৩৩ শতাংশ মূল্য সংযোজন কর ভিত্তি ধরে ৫ শতাংশ মূসক দিতে হয়।
এনামুল হক খান বলেন, ‘সোনার উচ্চ মূল্যের সঙ্গে ৫ শতাংশ মূসক আরোপ হওয়ার কারণে অলংকার বিক্রি কমে গেছে। পাশের দেশ ভারতে ১ শতাংশ মূসক দিতে হয়। ফলে আমাদের দেশের অনেক ক্রেতাই ভারত থেকে সোনার অলংকার ক্রয়ে উৎসাহী হচ্ছেন। এই অবস্থায় আগামী অর্থবছর থেকে সোনার অলংকার বিক্রির ওপর মূসক হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হলে জুয়েলারি ব্যবসায়ীরা তা মেনে নেবেন না।’
জুয়েলার্স সমিতির পক্ষে এনামুল হক খান দাবি করেন, জুয়েলারি শিল্পকে বাঁচাতে আগামী বাজেটে অলংকার বিক্রির ওপর মূসক ৫ শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করতে হবে। এ ছাড়া সোনা আমদানির শুল্ক ভরিপ্রতি ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ এবং ২ কেজি পর্যন্ত সোনার বার আমদানির সুযোগ দিতে হবে। পাশাপাশি একটি স্বর্ণ নীতিমালা তৈরিরও দাবি জানান তিনি। এনামুল হক খান আরও বলেন, বাজেটে দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামী শনিবার থেকে সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ ছাড়া রোববার জাতীয় প্রেসক্লাব এবং প্রতিটি জেলা ও উপজেলায় যথাক্রমে জেলা প্রশাসক ও ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন করা হবে।