মূসক নিবন্ধন ক্রমিক ছাড়া ঋণপত্র নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোকে আমদানিকারকদের মূসক নিবন্ধন ক্রমিক সংখ্যা (বিআইএন) ও পণ্যের শ্রেণীকরণ (এইচএস কোড) ছাড়া কোনো ধরনের এলসি বা ঋণপত্র না খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিবন্ধন ক্রমিক ও এইচএস কোড ছাড়া কোনো ব্যাংক ঋণপত্র খুললে তার দায় ওই ব্যাংককেই নিতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় উল্লেখ করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের আমদানি তদারকির সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআরের অনুরোধে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার ব্যাংকগুলোর কাছে এ বিষয়ে নির্দেশনাটি পাঠিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ইস্যু করা বৈধ আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়া কোনো আমদানি বিধিসম্মত নয়। জাতীয় রাজস্ব বোর্ড এই আইআরসির বিপরীতে আমদানিকারককে মূসক নিবন্ধন ক্রমিক দিয়ে থাকে।
বাংলাদেশ কাস্টমসের সম্প্রতি নতুন সংযোজন অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অটোমেশন সিস্টেমের (বিশ্বব্যাপী স্বয়ংক্রিয় ব্যবস্থা) আওতায় এলসি, বিএলসহ অন্যান্য জাহাজীকরণ দালিলাদির ওপর আমদানিকারকের নামের পাশাপাশি ১১ সংখ্যার মূসক নিবন্ধন ক্রমিক বা বিআইএন উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় বলেছে, কিছু প্রতিষ্ঠান উৎপাদনকারী বা সরবরাহকারী হিসেবে মূসক নিবন্ধন নিলেও আমদানিকারক হিসেবে মূসক নিবন্ধন না নিয়েই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণপত্র খুলে পণ্য আমদানি করছে। এতে পণ্যসামগ্রী দেশের বন্দরে আসার পর কাস্টমস প্রক্রিয়াকরণে জটিলতা সৃষ্টি হচ্ছে। ফলে পণ্য খালাসেও বিলম্ব হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাযথ কনটেইনার ব্যবস্থাপনার লক্ষ্যে কার্গো মেনিফেস্টে পণ্যের সঠিক এইচএস কোড উল্লেখের লক্ষ্যে বিল অব লেডিংয়ে পণ্যের বিবরণের পাশাপাশি এইচএস কোড উল্লেখ করা একান্তভাবে অপরিহার্য। এসব অত্যাবশ্যকীয় শর্ত পালন না করে কোনো বিচ্যুতি দেখা গেলে সংশ্লিষ্ট ব্যাংককে তার দায় নিতে হবে।