মূসক নিয়ে আবারও মাঠে নামছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) কমানোর দাবিতে আবারও মাঠে নামছেন বিভিন্ন খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে তাঁরা ৩০ অক্টোবর বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সামনে প্রতিবাদ সভা, আগামী ২ নভেম্বর ঢাকা মহানগরের দোকানপাটে ধর্মঘট ও ১২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
গতকাল সোমবার এফবিসিসিআইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ কর্মসূচিগুলো পালিত হবে ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে। ফোরামই গতকাল সংশ্লিষ্ট বিভিন্ন খাত ও পণ্যভিত্তিক ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
জানতে চাইলে ফোরামের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব প্রথম আলোকে বলেন, নানাভাবে সরকারের কাছে তুলে ধরার পরও ব্যবসায়ীদের দাবি পূরণ করা হয়নি। এমনকি চিঠির জবাবও দেওয়া হয়নি। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ক্ষুদ্র ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি শুরু করেছে। এ কারণে নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের আগের দাবিগুলো পূরণের জন্যই এসব কর্মসূচি নেওয়া হয়েছে।’
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার আগে থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মূসক আইন বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেন। বাজেটে প্যাকেজ মূসকের ব্যবস্থা রাখা হয়, তবে লেনদেনসীমা বেঁধে দেওয়া হয় ৮০ লাখ টাকা। অন্যদিকে প্যাকেজ মূসকের সর্বনিম্ন হার ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়।
ব্যবসায়ী ঐক্য ফোরামের দাবি, লেনদেনসীমা ৮০ লাখ টাকায় বেঁধে দেওয়ার কারণে প্যাকেজ মূসকে থাকা ব্যবসায়ীরা এ সুযোগ হারাবেন। বাজেটের পর দুই দফা সংবাদ সম্মেলন করে ফোরাম প্যাকেজ মূসকের ক্ষেত্রে লেনদেনসীমা বাড়ানোসহ আরও কিছু দাবি জানায়। তাঁরা এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটি অংশীদারত্ব সংলাপ আয়োজনের অনুরোধও জানিয়েছিলেন। অবশ্য এ ধরনের কোনো সংলাপ হয়নি।
ফেডারেশন কার্যালয়ে আয়োজিত গতকালের বৈঠকে এফবিসিসিআইয়ের বেশ কয়েকজন পরিচালক, মহানগর দোকান মালিক সমিতি, পুরান ঢাকার ব্যবসায়ীরা, বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। আবু মোতালেব দাবি করেন, বৈঠকে প্রায় ১০০ জন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। তাঁদের পরামর্শের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, ২ নভেম্বর ঢাকায় সর্বাত্মক ধর্মঘট পালিত হবে। এ সময় সব দোকানপাট বন্ধ করে কর্মসূচিতে অংশ নেবেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের এ দাবির ক্ষেত্রে এফবিসিসিআই তাঁদের সঙ্গে আছে বলে দাবি করেন আবু মোতালেব।
এবারের বাজেটে কম দামি বিস্কুট ও রুটির ওপর মূসক আরোপ করেছে সরকার, যা প্রত্যাহারের দাবি করে আসছে বাংলাদেশ ব্রেড ও বিস্কুট প্রস্তুতকারক সমিতি। গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. জালাল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কম দামি বিস্কুট-রুটির ক্রেতা নিম্ন আয়ের মানুষ। আমরা এ মূসক মানি না। আদায়ও করছি না।’ তিনি দাবি করেন, মূসক আরোপ হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা রেয়াত নিতে পারবেন না। এতে ৫ টাকার একটি রুটি ধাপে ধাপে মূসক দিয়ে ১১ টাকায় বিক্রি করতে হবে।
২০১২ সালে সরকার নতুন মূসক আইন করে। তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। মূসক আইন নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রীর নির্দেশনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটি সাতটি বিষয়ে একমত হয়েছিল। এ বিষয়গুলো বাস্তবায়নের দাবিও করছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এসব দাবিতে ব্যবসায়ীরা গত মে মাসে সারা দেশে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার কর্মসূচি পালন করেছিলেন।